বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন মিলিতাও

বিশ্বকাপের আগে বড় ধাক্কার শঙ্কায় ব্রাজিল। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও হ্যামস্ট্রিং চোটে পড়েছেন। ক্লাব ও জাতীয় দলের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এই চোটের কারণে তার বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
মঙ্গলবার আলাভেসের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে চ্যালেঞ্জে জড়িয়ে বাঁ পায়ের পেছনের পেশিতে অস্বস্তি অনুভব করেন মিলিতাও। সঙ্গে সঙ্গেই বদলি হওয়ার ইঙ্গিত দেন তিনি। ম্যাচের পর রিয়াল কোচ আলভারো আরবেলোয়া আশাবাদী কথা বললেও, পরে এমআরআই পরীক্ষায় চোটের গভীরতা ধরা পড়ে।
স্প্যানিশ রেডিও কোপে প্রথম জানায়, এটি ডিসেম্বরের পুরোনো চোটের পুনরাবৃত্তি হতে পারে। সে ক্ষেত্রে অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে এবং তেমন হলে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন ২৮ বছর বয়সি এই সেন্টারব্যাক। একাধিক সূত্রে সেই আশঙ্কার বিষয়টি নিশ্চিত হয়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সোমবার রিয়ালের চিকিৎসক দলের অধীনে মিলিতাওয়ের আরও কিছু পরীক্ষা হবে। এরপরই বোঝা যাবে, তার চিকিৎসা কোন পথে এগোবে এবং বিশ্বকাপে খেলার সম্ভাবনা কতটা থাকে।
সাম্প্রতিক বছরগুলোতে চোট যেন পিছু ছাড়ছে না মিলিতাওয়ের। পরপর দুই মৌসুমে এসিএল ইনজুরির ধাক্কা সামলানোর পর আবারও বড় চোটের মুখে পড়লেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে সময়ও হাতে খুব বেশি নেই। তাই ব্রাজিলের রক্ষণভাগ নিয়ে উদ্বেগ আরও বেড়ে গেল।
সূত্র: রয়টার্স