আর্জেন্টিনায় ভালোবাসায় সিক্ত নেইমার

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার লড়াইয়ের মধ্যেই আর্জেন্টিনায় এক অন্যরকম রাত কাটালেন নেইমার। সান্তোসের হয়ে সান লরেঞ্জোর বিপক্ষে মাঠে নেমে গোলের চেয়ে বেশি আলোচনায় এলেন ম্যাচ শেষে পাওয়া উষ্ণ অভ্যর্থনা ও নিজের আচরণের জন্য।
সান লরেঞ্জোর মাঠে ম্যাচটি শেষ হয় ১-১ সমতায়। তবে পুরো সন্ধ্যাতেই আলাদা নজর ছিল সান্তোসের ১০ নম্বর জার্সি পরা নেইমারের দিকে। প্রতিপক্ষের মাঠ হলেও আর্জেন্টাইন সমর্থকদের কাছ থেকে করতালি পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা। মাঠের পাশে থাকা হুইলচেয়ার ব্যবহারকারী সমর্থকদের দিকেও হাসিমুখে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
শেষ বাঁশি বাজার পরও সেই উষ্ণতা কমেনি। সান লরেঞ্জো সমর্থকদের করতালির মধ্যে মাঠ ছাড়েন নেইমার। ম্যাচ শেষে এজেকিয়েল হেরেরার সঙ্গে জার্সি বদল করেন সান্তোস ফরোয়ার্ড। প্রতিপক্ষ সমর্থকদের উদ্দেশেও পাল্টা করতালি দেন তিনি।
মাঠ ছাড়ার আগে কয়েকজন সমর্থক কাছাকাছি আসতে পারলে তাদের সঙ্গেও সময় দেন নেইমার। পরে ড্রেসিংরুমে ফেরার পথে টানেলে সান লরেঞ্জোর ফুটবলার ফাব্রিসিও লোপেজকে নিজের বুট উপহার দেন ব্রাজিলিয়ান তারকা।
ম্যাচের পর সান লরেঞ্জোর সামাজিক যোগাযোগমাধ্যমেও নেইমারের একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে সমর্থকদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এমন অভ্যর্থনা পেয়ে তিনি আনন্দিত। ব্রাজিলের বাইরে এভাবে ভালোবাসা পাওয়ার অভিজ্ঞতা তার জন্য নতুন এবং সম্মানের বলেও জানান নেইমার।
ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। সেই প্রেক্ষাপটে আর্জেন্টিনার মাঠে নেইমারের এমন উষ্ণ অভ্যর্থনা ছিল ব্যতিক্রমী দৃশ্য। প্রতিপক্ষের সমর্থকদের সম্মান জানিয়ে এবং তরুণ ফুটবলারকে বুট উপহার দিয়ে রাতটি আরও স্মরণীয় করে রাখলেন।