logo

বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কায় পদ ছাড়লেন বুফন

বিশ্বকাপ ব্যর্থতার ধাক্কায় পদ ছাড়লেন বুফন

ইতালির ফুটবলে এখন যেন একের পর এক ধাক্কা। বিশ্বকাপের টিকিট হারানোর কষ্ট কাটতে না কাটতেই এবার দায়িত্ব ছেড়ে দিলেন দেশটির কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।

বসনিয়ার কাছে প্লে-অফে হারের পরই যেন ভেঙে পড়ে পুরো ইতালি। সেই ধাক্কার মধ্যেই জাতীয় দলের সঙ্গে যুক্ত নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বুফন। বিশ্বকাপজয়ী এই গোলকিপারের পদত্যাগ ইতালির ফুটবলের টালমাটাল অবস্থারই নির্দেশক।

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া ইতালির জন্য এটি এক অভূতপূর্ব ঘটনা। ২০১৮ সালে সুইডেন, ২০২২ সালে নর্থ মেসিডোনিয়ার পর এবার বসনিয়ার কাছে হার—একসময় বিশ্ব ফুটবলে দাপট দেখানো দলটির জন্য এটি যেন অবিশ্বাস্য এক পতন।

এই ব্যর্থতার পর ইতালির ফুটবল কাঠামোতেই পরিবর্তনের দাবি উঠেছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনার পদত্যাগের পর এবার সেই তালিকায় যোগ হলো বুফনের নামও। কোচ জেন্নারো গাত্তুসোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

নিজের বিদায়ের বার্তায় আবেগ লুকাননি বুফন। জানিয়েছেন, বসনিয়ার বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই সিদ্ধান্ত এসেছে একেবারে হৃদয়ের গভীর থেকে—যে কষ্ট তিনি অনুভব করছেন, তা গোটা ইতালির সমর্থকরাও ভাগ করে নিচ্ছেন।

বুফনের কথায়, দলের ভেতরের পরিবেশ, ঐক্য—এসব জায়গায় উন্নতি ছিল। কোচিং স্টাফের সঙ্গে মিলেই একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির চেষ্টা করেছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য—ইতালিকে বিশ্বকাপে ফেরানো—সেটা পূরণ হয়নি।

এই ব্যর্থতার দায় নিয়েই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, এখন নতুন কাউকে সুযোগ দেওয়াই সঠিক পথ, যাতে দল নতুনভাবে গড়ে উঠতে পারে।

জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি নিজের জীবনের বড় এক অধ্যায় হিসেবে দেখছেন। ছোটবেলা থেকে যে নীল জার্সির সঙ্গে তার সম্পর্ক, সেটির জন্য কাজ করতে পারা তার কাছে ছিল সম্মানের।

বিদায়ের শেষ লাইনে তাই কষ্টের সঙ্গে কৃতজ্ঞতাও আছে। ইতালির জার্সির প্রতি ভালোবাসা, আর একটাই বার্তা—“ফোর্ৎসা আজ্জুরি… সবসময়।”