logo

নাটকীয় জয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ফিরল ইরাক

নাটকীয় জয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ফিরল ইরাক

অবশেষে পূর্ণ হলো ২০২৬ বিশ্বকাপের লাইনআপ। শেষ টিকিটটি গেল ইরাকের হাতে। নাটকীয় এক ম্যাচে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে মধ্যপ্রাচ্যের দলটি।

মেক্সিকোর মন্টেরেতে অনুষ্ঠিত ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ফাইনালেই নিশ্চিত হয় এই সাফল্য। এই জয়ে ৪৮তম এবং শেষ দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় ইরাক।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইরাক। ১০ মিনিটেই লিড নেয় তারা। কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন আলি আল হামাদি। শুরুতেই পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে যায় বলিভিয়া।

তবে ধীরে ধীরে ম্যাচে ফেরে লাতিন আমেরিকার দলটি। প্রথমার্ধের শেষ দিকে সমতা আনে তারা। রামিরো ভাকার পাস থেকে বল পেয়ে কাছ থেকে জালে জড়ান মোইসেস পানিয়াগুয়া।

বিরতির পর আবারও গতি বাড়ায় ইরাক। ৫৩ মিনিটে আসে ম্যাচের সিদ্ধান্তমূলক মুহূর্ত। বদলি খেলোয়াড় মার্কো ফারজির ক্রস থেকে বল পেয়ে গোল করেন আয়মেন হুসেইন। এই গোলই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।

শেষ দিকে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় বলিভিয়া। একাধিক কর্নার পায় তারা, তবে ইরাকের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো ম্যাচের শেষ দিকে তৃতীয় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মোহনাদ আলি।

শেষ বাঁশি বাজতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ইরাক শিবির। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল তারা।

আসন্ন বিশ্বকাপে ‘গ্রুপ আই’-এ ফ্রান্স, নরওয়ে ও সেনেগালের সঙ্গে খেলবে ইরাক। দীর্ঘ অপেক্ষার পর বড় মঞ্চে ফেরার এই সুযোগ কতটা কাজে লাগাতে পারে তারা, সেটাই এখন দেখার।