logo
Advertisement
অনূর্ধ্ব-২০ ফুটবল

উজবেকিস্তান ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই

এশিয়া পোস্ট স্পোর্টস
উজবেকিস্তান ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই
অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ছবি: বাফুফে

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার মহাদেশীয় মঞ্চের লড়াইয়ে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচেই স্বাগতিক ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন উজবেকিস্তানের কঠিন পরীক্ষার সামনে পড়তে হচ্ছে লাল-সবুজের তরুণদের।

Advertisement

তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ‘বি’ গ্রুপের ম্যাচটি। একই ভেন্যুতে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গ্রুপের অন্য দুই দল সিরিয়া ও ভারত।

শক্তি ও সাম্প্রতিক সাফল্য বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ উজবেকিস্তান। নিজেদের মাঠে খেলায় বাড়তি সুবিধাও পাবে তারা। তবে ইংলিশ কোচ জেরার্ড জোন্সের দলও বিনা লড়াইয়ে ছাড় দিতে রাজি নয়। প্রায় নয় সপ্তাহের প্রস্তুতি শেষে প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো কাজে লাগিয়ে চমক দেখাতে চান বাংলাদেশের কোচ।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জোন্স বলেন, ‘আমরা জানি উজবেকিস্তান ভালো দল। তারা বলের নিয়ন্ত্রণ রাখবে, দ্রুত পাল্টা চাপ তৈরি করবে এবং ওপর থেকে চাপ দেওয়ার চেষ্টা করবে। তবে তাদের দুর্বল জায়গাগুলোও আমরা জানি। সেগুলো কাজে লাগাতে চাই।’

নিজেদের খেলার ধরন নিয়েও আত্মবিশ্বাসী বাংলাদেশের কোচ। প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়ানো, লড়াই করা ও বুদ্ধিদীপ্ত ফুটবল খেলার মানসিকতা দলের মধ্যে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশের বড় ভরসা হতে পারেন প্রবাসী ফুটবলার জিদান ইউসুফ, অ্যাডাম আব্বাস ও মোহাম্মদ মাহে খান। স্থানীয় ফুটবলারদের সঙ্গে তাদের সমন্বয়ে শক্তিশালী দল গড়েছেন জোন্স। প্রস্তুতি শিবিরের নানা বিতর্ক পেছনে ফেলে এখন পুরো দলের মনোযোগ মাঠের লড়াইয়ে।

২০০২ সালের পর আর এএফসি যুব প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। এবার সপ্তমবারের মতো মূল পর্বে খেলার লক্ষ্য লাল-সবুজদের। সাম্প্রতিক সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে টাইব্রেকারে হারানোর সাফল্য সেই স্বপ্ন আরও বড় করেছে।

নতুন বাছাই পদ্ধতিতে আট গ্রুপের প্রতিটির চ্যাম্পিয়ন এবং সেরা সাত রানার্সআপ ২০২৭ সালে চীনে অনুষ্ঠেয় মূল পর্বে জায়গা পাবে। স্বাগতিক হিসেবে আগেই মূল পর্ব নিশ্চিত করেছে চীন।

উজবেকিস্তানের পর ৩ সেপ্টেম্বর সিরিয়া এবং ৬ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তাই প্রথম ম্যাচ থেকে অন্তত একটি পয়েন্ট আদায় করতে পারলে মূল পর্বে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সুবিধা পাবে জোন্সের দল।

উজবেকিস্তান ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই