Advertisement

৪৮ বছর পর বিদেশি কোচ নেদারল্যান্ডসের, দায়িত্ব পেলেন জাভি

এশিয়া পোস্ট স্পোর্টস
৪৮ বছর পর বিদেশি কোচ নেদারল্যান্ডসের, দায়িত্ব পেলেন জাভি
জাভি হার্নান্দেজ। পুরোনো ছবি

নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত সাবেক বার্সেলোনা কোচের সঙ্গে চুক্তি করেছে ডাচ ফুটবল ফেডারেশন।

Advertisement

রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হচ্ছেন ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচ। জাভির জন্য এটিই কোনো জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রথম অভিজ্ঞতা। ২০২৪ সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে কোচিংয়ের বাইরে ছিলেন তিনি।

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়েছিলেন কোমান। তার অধীনে ২০২৪ ইউরোর সেমিফাইনালে উঠেছিল ডাচরা। তবে ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় তারা। বিশ্বকাপের পরই দায়িত্ব ছাড়েন কোমান।

১৯৭৮ সালের পর নেদারল্যান্ডসের প্রথম বিদেশি কোচ হতে যাচ্ছেন জাভি। সে বছর অস্ট্রিয়ার আর্নস্ট হ্যাপেলের অধীনে বিশ্বকাপ খেলেছিল ডাচরা।

খেলোয়াড় হিসেবে বার্সেলোনার হয়ে অসংখ্য সাফল্য পাওয়া জাভি ২০২১ সালে ক্লাবটির কোচ হয়েছিলেন। তিন মৌসুম দায়িত্ব পালনকালে বার্সেলোনাকে একটি লা লিগা ও একটি স্প্যানিশ সুপার কাপ জেতান তিনি।

আগামী ২৪ সেপ্টেম্বর নেশনস লিগে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির অভিষেক হবে।

৪৮ বছর পর বিদেশি কোচ নেদারল্যান্ডসের, দায়িত্ব পেলেন জাভি