ব্রাজিল দলে ডাক পেতে পারেন নেইমার ও এন্ড্রিক

আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন নেইমার ও তরুণ স্ট্রাইকার এন্ড্রিক। ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তাদের দুজনকেই সম্ভাব্য তালিকায় রেখেছেন বলে জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’গ্লোবো।
মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রে ব্রাজিল প্রীতি ম্যাচ খেলবে ফ্রান্স (২৬ মার্চ) ও ক্রোয়েশিয়ার (৩১ মার্চ) বিপক্ষে। এই দুটি ম্যাচকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে প্রাথমিক স্কোয়াড। তবে চূড়ান্ত দল ঘোষণা করা হবে আগামী ১৬ মার্চ।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে দুই খেলোয়াড়ের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। বিশেষ করে এন্ড্রিককে ঘিরে সিদ্ধান্তটি এসেছে সাম্প্রতিক পারফরম্যান্সের ভিত্তিতে। অলিম্পিক লিঁওতে যোগ দেওয়ার পর নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন তিনি এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে উঠেছেন।
এন্ড্রিক চূড়ান্ত দলে জায়গা পেলে জাতীয় দলে ব্যাকআপ স্ট্রাইকার পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এই পদের জন্য আরও আছেন ইগর থিয়াগো, ভিতর রোকে ও রিচার্ডিলিসনের ওপর।
অন্যদিকে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে। রিয়ালের ফরোয়ার্ড রদ্রিগোর চোটের কারণে আক্রমণভাগে নতুন সমীকরণ তৈরি হয়েছে, যা নেইমারের জন্য সুযোগ এনে দিতে পারে।
হাঁটুর অস্ত্রোপচারের পর নিজের ফিটনেস ফিরে পেতে কাজ করছেন এই তারকা ফরোয়ার্ড। তিনি বিশ্বকাপে খেলতে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ জন্য নিজস্ব চিকিৎসক দল নিয়োগ করে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি খেলছেন সান্তোসে।
দলের রক্ষণভাগেও কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইনজুরিতে থাকা এদের মিলিতাওয়ের পরিবর্তে বিকল্প খুঁজছে ব্রাজিল। এজন্য পর্যবেক্ষণে আছেন রিবেরো, লিও পেরেইরা ও ব্রেমার।
এদিকে তরুণ উইঙ্গার রায়ানকেও চূড়ান্ত দলে চমক হিসেবে রাখা হতে পারে। বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমেই তিনি নজর কেড়েছেন।
সব মিলিয়ে মার্চের প্রীতি ম্যাচগুলোই বিশ্বকাপের আগে ব্রাজিল দলের গুরুত্বপূর্ণ পরীক্ষামঞ্চ হয়ে উঠতে যাচ্ছে।