Advertisement

প্রায় দুই বছর পর মাঠে ফেরার ছাড়পত্র পেলেন চেলসি তারকা

এশিয়া পোস্ট স্পোর্টস
প্রায় দুই বছর পর মাঠে ফেরার ছাড়পত্র পেলেন চেলসি তারকা
মিখাইলো মুদ্রিক। ছবি: গেটি ইমেজ

ডোপিং পরীক্ষায় নিষিদ্ধ উপাদান পাওয়ার পর চার বছরের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইংলিশ জায়ান্ট চেলসির উংঙ্গার মিখাইলো মুদ্রিক। তাতে বড় অনিশ্চয়তার মুখে পড়েছিল এই ইউক্রেন তারকা ক্যারিয়ার। তবে প্রায় দুই বছর মাঠের বাইরে থাকার পর আবার প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার অনুমতি পেয়েছেন তিনি।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিশ্ব ডোপিংবিরোধী সংস্থা ওয়াডা ও মুদ্রিকের সঙ্গে সমঝোতার মাধ্যমে তার বিরুদ্ধে চলা শৃঙ্খলাজনিত কার্যক্রমের নিষ্পত্তি হয়েছে। ফলে এখন থেকেই অনুশীলন ও প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিতে পারবেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।

২০২৪ সালের অক্টোবরে নেওয়া মুদ্রিকের নমুনায় নিষিদ্ধ উপাদান মেলডোনিয়ামের উপস্থিতি পাওয়া যায়। ওই বছরের নভেম্বরের পর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি।

গত এপ্রিলে মুদ্রিককে চার বছরের নিষেধাজ্ঞা দেয় ইংলিশ এফএ। সেই শাস্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। পরে সিদ্ধান্তটির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেন ইউক্রেনীয় উইঙ্গার।

বৃহস্পতিবার এফএ, ওয়াডা ও মুদ্রিকের মধ্যে হওয়া সমঝোতায় আপিল প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। চুক্তির অংশ হিসেবে ডোপিংবিরোধী বিধি ভঙ্গের অভিযোগ স্বীকার করেছেন মুদ্রিক। তবে তার নিষেধাজ্ঞার মেয়াদ সমঝোতার দিন পর্যন্ত ইতিমধ্যে মাঠের বাইরে কাটানো সময়ের সমান করা হয়েছে। সে কারণেই এখনই খেলায় ফিরতে বাধা থাকছে না তার।

মুদ্রিকের নমুনায় পাওয়া মেলডোনিয়ামের মাত্রাও সিদ্ধান্তটিতে বড় ভূমিকা রেখেছে। ইংলিশ এফএ জানিয়েছে, মুদ্রিকের নমুনা পরীক্ষার পর ওয়াডার কারিগরি নির্দেশনায় পরিবর্তন এসেছে। বর্তমান মানদণ্ডে একই মাত্রার মেলডোনিয়াম পাওয়া গেলে সেটি প্রতিকূল ফল হিসেবে নথিভুক্ত হতো না।

এফএর বিবৃতিতে বলা হয়েছে, মুদ্রিকের নমুনা এখন সংগ্রহ করা হলে এতে পাওয়া মেলডোনিয়ামের মাত্রা জানানো হতো না এবং তার বিরুদ্ধে ডোপিংবিরোধী বিধিভঙ্গের অভিযোগও উঠত না।

মাঠে ফেরার অনুমতি পাওয়ার পর স্বস্তি প্রকাশ করেছেন মুদ্রিক। তিনি বলেন, ‘এই প্রক্রিয়া শেষ হয়েছে এবং আমি আবার ফুটবলে ফিরতে পারব, এ জন্য কৃতজ্ঞ। এখন নিজের ভবিষ্যতের দিকে তাকাতে চাই।’

শুরু থেকেই জেনেশুনে নিষিদ্ধ কিছু গ্রহণ করার অভিযোগ অস্বীকার করে আসছেন মুদ্রিক। নিজের সেই অবস্থান আবারও জানিয়ে তিনি বলেন, ‘আমি কখনো জেনেশুনে বা ইচ্ছাকৃতভাবে কোনো নিষিদ্ধ উপাদান গ্রহণ করিনি।’

২০২৩ সালে শাখতার দোনেৎস্ক থেকে প্রাথমিকভাবে ৬ কোটি ২০ লাখ পাউন্ডে মুদ্রিককে দলে নিয়েছিল চেলসি। নিষেধাজ্ঞার পুরো সময় তাঁর পাশে থাকার কথা জানিয়েছিল ইংলিশ ক্লাবটি।

মুদ্রিকের ফেরার অনুমতির পর চেলসি জানিয়েছে, এখন তাকে পূর্ণ ফিটনেসে ফিরিয়ে এনে আবার দলের সঙ্গে যুক্ত করাই হবে ক্লাবের লক্ষ্য। আগামী ২৪ আগস্ট ফুলহামের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করবে চেলসি। তবে সেই ম্যাচে মুদ্রিক খেলবেন কি না, তা নির্ভর করবে তার ফিটনেস ও ম্যাচ খেলার প্রস্তুতির ওপর।