অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎ

ব্রাজিলিয়ান তারকা নেইমারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম জিই গ্লোবো জানিয়েছে, সান্তোসের সঙ্গে তার নতুন চুক্তি হওয়ার সম্ভাবনা এখন খুবই কম। ফলে বছরের শেষেই ফ্রি এজেন্ট হিসেবে ক্লাব ছাড়তে পারেন এই ফরোয়ার্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার ও সান্তোসের মধ্যে নতুন চুক্তি নিয়ে আলোচনা এখনও আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। তবে দুই পক্ষের মধ্যে সমঝোতার সম্ভাবনা দিন দিন কমে আসছে।
নেইমারের সঙ্গে নতুন চুক্তি না হওয়ার পেছনে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এবং বারবার চোটে পড়ার বিষয়টিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। চোটের কারণে তিনি দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় পুরো মৌসুম খেলতে পারেননি।
সান্তোসের ইতিহাসে অন্যতম সফল ফুটবলার হিসেবে পরিচিত নেইমারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তার বিদায়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।
চলতি মৌসুমে সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬টি ম্যাচ খেলেছেন নেইমার। এতে তিনি ৮টি গোল করার পাশাপাশি ৪টি গোলে সহায়তা করেছেন।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কটের তথ্য অনুযায়ী, বর্তমানে নেইমারের বাজারমূল্য প্রায় ৮ মিলিয়ন ইউরো। সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
.png)





