সুপার কাপ ধরে রাখার লড়াইয়ে পিএসজি, বাধা অ্যাস্টন ভিলা

শেষ মৌসুমটা ট্রফি হাতে শেষ করেছিল প্যারিস সেন্ট জার্মেই। নতুন মৌসুমও সেভাবেই শুরু করার সুযোগ ফরাসি ক্লাবটির সামনে। নতুন মৌসুমের প্রথম শিরোপা উয়েফা সুপার কাপের লড়াইয়ে রাতে মাঠে নামছে লুইস এনরিকের দল। তাদের প্রতিপক্ষ ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা।
অস্ট্রিয়ার সালজবুর্গ স্টেডিয়ামে আজ বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি। বাংলাদেশে সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ২-এ।
টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জেতা পিএসজি এবার সুপার কাপেরও বর্তমান চ্যাম্পিয়ন। গত বছর টটেনহামের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও ২-২ সমতা ফেরানোর পর টাইব্রেকারে জিতেছিল লুইস এনরিকের দল। এবার জিতলে আধুনিক যুগে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার সুপার কাপ জয়ের কীর্তি গড়বে তারা।
অ্যাস্টন ভিলার জন্যও এই প্রতিযোগিতা নতুন নয়। ১৯৮২ সালে বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়ে সুপার কাপ জিতেছিল ইংলিশ ক্লাবটি। গত মৌসুমের ইউরোপা লিগ ফাইনালে ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ৪৪ বছর পর আবার মহাদেশীয় শিরোপা জেতে ভিলা।
দুই দলের সর্বশেষ লড়াইটিও ছিল রোমাঞ্চকর। ২০২৪-২৫ চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ভিলাকে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলে হারিয়েছিল পিএসজি। একপর্যায়ে সমষ্টিগতভাবে ৫-১ গোলে পিছিয়ে পড়েও ব্যবধান ৫-৪-এ নামিয়ে এনেছিল উনাই এমেরির দল।
তবে এবার পিএসজির সবচেয়ে বড় সমস্যা প্রস্তুতির ঘাটতি। সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ক্লাবটির ১৫ ফুটবলার খেলেছেন। তাদের অনেকেই মাত্র কয়েক দিন আগে অনুশীলনে ফিরেছেন। তাই মৌসুমের শুরুতেই দলকে সেরা ছন্দে দেখা যাবে, এমন প্রত্যাশা করছেন না এনরিকে।
পিএসজি কোচ জানিয়েছেন, দলের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন। তবে বলের নিয়ন্ত্রণ রেখে ম্যাচ পরিচালনার পরিচিত কৌশল থেকে সরে আসবেন না তিনি। কাগজে-কলমে এগিয়ে থাকলেও মাঠে সেটি প্রমাণ করতে হবে বলে সতর্ক করেছেন স্প্যানিশ কোচ।
ব্র্যাডলি বারকোলা, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, ফাবিয়ান রুইস, আশরাফ হাকিমি ও ওয়ারেন জাইরে-এমেরির ম্যাচ ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। ফলে খভিচা কভারাৎসখেলিয়ার সঙ্গে আক্রমণে ইব্রাহিম এমবায়ে ও সেনি মায়ুলুর মতো তরুণদের দেখা যেতে পারে। নতুন যোগ দেওয়া মাগনেস আকলিউশও অভিষেকের অপেক্ষায় রয়েছেন।
ভিলার অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। ইউরি তিলেমানস, মরগান রজার্স, জাডন সানচো, ডগলাস লুইজ ও লুকাস দিনিয়ের মতো ফুটবলাররা দল ছেড়েছেন। আমাদু ওনানা ও ইয়োহান মানজাম্বি চোটে বাইরে। বিশ্বকাপের পর অতিরিক্ত বিশ্রামে থাকায় এমিলিয়ানো মার্তিনেজ, এজরি কনসা ও অলি ওয়াটকিনসও খেলছেন না।
তবে জোয়াও গোমেস, আলেহান্দ্রো গারনাচো ও মোদু কেবা সিসের মতো নতুন মুখ পেয়েছেন এমেরি। পাঁচবার ইউরোপা লিগ জেতা এই কোচ এখনো সুপার কাপ জিততে পারেননি। আগের তিনটি প্রচেষ্টায় ব্যর্থ হলেও এবার পিএসজিকে হারিয়ে সেই অপেক্ষার অবসান ঘটাতে চান তিনি।
বল দখলে রেখে পিএসজির আক্রমণ সাজানোর বিপরীতে দ্রুত পাল্টা আক্রমণই হতে পারে ভিলার প্রধান অস্ত্র। ফরাসি ক্লাবটির তারকাদের প্রস্তুতির ঘাটতিও কাজে লাগাতে চাইবে ইংলিশ দলটি। পিএসজি এগিয়ে থাকলেও মৌসুমের শুরুর অনিশ্চয়তা ম্যাচটিকে উন্মুক্ত করে দিয়েছে।
সম্ভাব্য একাদশ
পিএসজি: সাফোনভ; জাবারনি, মার্কিনিওস, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস; জোয়াও নেভেস, ভিতিনিয়া, দ্রো ফার্নান্দেজ; ইব্রাহিম এমবায়ে, সেনি মায়ুলু, খভিচা কভারাৎসখেলিয়া।
অ্যাস্টন ভিলা: বিজট; ম্যাটি ক্যাশ, ভিক্টর লিন্ডেলফ, পাউ তোরেস, ইয়ান মাতসেন; জোয়াও গোমেস, বুবাকার কামারা; জন ম্যাকগিন, এমিলিয়ানো বুয়েন্দিয়া, আলেহান্দ্রো গারনাচো; ট্যামি আব্রাহাম।
নির্ধারিত ৯০ মিনিট সমতায় শেষ হলে অতিরিক্ত সময় হবে না। সরাসরি টাইব্রেকারে নির্ধারিত হবে সুপার কাপের নতুন চ্যাম্পিয়ন।
.png)


