পেদ্রির চোটে বড় বিপদে বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে জয় পেলেও সেই জয় বার্সার জন্য এসেছে বড় এক দুঃসংবাদ নিয়ে। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন মিডফিল্ডের মূল ভরসা পেদ্রি। চ্যাম্পিয়ন্স লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ম্যাচ চলাকালে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন স্প্যানিশ তারকা, যা শুরু থেকেই উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল।
বার্সেলোনায় ফিরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) করা মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে, পেদ্রির ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। ক্লাব সূত্র জানিয়েছে, সুস্থ হয়ে ফিরতে তার প্রায় চার সপ্তাহ সময় লাগতে পারে। কোচ হান্সি ফ্লিকও ম্যাচ শেষে ইঙ্গিত দিয়েছিলেন, চোটের খবর খুব একটা আশাব্যঞ্জক নয় এবং কয়েক সপ্তাহ তাকে পাওয়া যাবে না।
ফ্লিকের দলে অন্যতম মূল ভরসার নাম পেদ্রি। আক্রমণভাগের ছন্দ গড়ে তোলা থেকে শুরু করে মাঝমাঠে গেম কন্ট্রোল সব দিকেই তার অবদান বড়। ফলে তার অনুপস্থিতি আগামী ব্যস্ত সূচিতে বার্সেলোনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মিস করবেন পেদ্রি। চ্যাম্পিয়ন্স লিগে কোপেনহেগেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি খেলতে পারবেন না। ওই ম্যাচে সাসপেনশনের কারণে ফ্রেঙ্কি ডি ইয়ংও থাকছেন না, ফলে মাঝমাঠে দু’জন মূল খেলোয়াড়কে ছাড়াই নামতে হবে কাতালানদের।
কোপা দেল রেতে আলবাসেতের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল এবং সম্ভাব্য সেমিফাইনালের প্রথম লেগেও পেদ্রিকে পাওয়া যাবে না। লা লিগায় ওভিয়েদো, এলচে, মায়োর্কা, জিরোনা ও ওসাসুনার বিপক্ষে ম্যাচগুলোতেও অনুপস্থিত থাকবেন তিনি। পাশাপাশি, বার্সেলোনাকে যদি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ খেলতে হয়, সেখানেও প্রথম লেগ মিস করার শঙ্কা রয়েছে তার।
সব মিলিয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে পেদ্রির চোট বার্সেলোনার জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, ফ্লিক কীভাবে এই শূন্যতা পূরণ করেন এবং ব্যস্ত সূচিতে দল কতটা সামলাতে পারে।