logo

আঞ্চলিক উত্তেজনার মাঝেও ফুটবল চালিয়ে যেতে চায় সৌদি

আঞ্চলিক উত্তেজনার মাঝেও ফুটবল চালিয়ে যেতে চায় সৌদি

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার উত্তেজনা বাড়লেও ফুটবল থামিয়ে রাখতে চায় না সৌদি আরব। ইরানকে ঘিরে চলমান সংঘাতের কারণে অঞ্চলের অনেক দেশে ফুটবল স্থগিত থাকলেও সৌদি প্রো লিগ আপাতত নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার লিগে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দামাক ৩-০ গোলে হারিয়েছে আল-রিয়াদকে। তবে একই দিনে হওয়ার কথা থাকা আরেকটি ম্যাচ স্থগিত করতে হয়েছে। আল-কাদসিয়ার দল নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তারা আল-খোলুদের বিপক্ষে ম্যাচ খেলতে যেতে পারেনি। ম্যাচটি নতুন করে শনিবারে নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি ফুটবলের অন্যতম বড় ম্যাচ—জেদ্দা ডার্বি। সেখানে মুখোমুখি হবে আল-আহলি ও আল-ইত্তিহাদ। এই ম্যাচ দেখতে প্রায় ৬০ হাজার দর্শক স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পুরোপুরি এড়ানো যাচ্ছে না। নিরাপত্তা উদ্বেগের কারণে সপ্তাহের শুরুতে সৌদি ক্লাবগুলো তাদের এশিয়ান চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচ খেলতে পারেনি।

এর মধ্যেই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে রিয়াদে যুক্তরাষ্ট্র দূতাবাস লক্ষ্য করে একটি সন্দেহভাজন ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতির মধ্যেও লিগ কর্তৃপক্ষ ক্লাবগুলোর কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, দেশে এখনও ফুটবল আয়োজনের জন্য পরিস্থিতি নিরাপদ রয়েছে এবং ম্যাচগুলো চালিয়ে যাওয়া সম্ভব।

তবে সূচিতে একটি নির্ধারিত বিরতি রয়েছে। আন্তর্জাতিক বিরতির কারণে ১৪ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত লিগ বন্ধ থাকবে।

এদিকে আল-হিলালের কোচ জর্জ জেসুস জানিয়েছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও তারা নিয়মমাফিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ‘রিয়াদে আমরা নিরাপদ ও স্থিতিশীল অবস্থায় আছি। রাজনৈতিক পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছি এবং প্রয়োজনীয় নির্দেশনার অপেক্ষায় আছি। তবে আমাদের দৈনন্দিন কাজ স্বাভাবিকভাবেই চলছে।’

বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল-নাসর। তবে শনিবার নিয়ম এসসির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না দলের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তিনি এই ম্যাচ থেকে ছিটকে গেছেন।