তরুণদের সুযোগ বাড়াতে ক্লাব ফুটবলে নতুন নিয়ম আনতে চায় ফিফা

ক্লাব ফুটবলে বড় পরিবর্তনের পথ খুলে দিতে পারে ফিফার নতুন উদ্যোগ। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি এমন একটি নিয়ম চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে, যেখানে ক্লাবগুলোকে ম্যাচ চলাকালে মাঠে অন্তত একজন নিজস্ব একাডেমিতে গড়ে ওঠা অনূর্ধ্ব-২০ বা অনূর্ধ্ব-২১ খেলোয়াড় রাখতে হবে।
কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় এ বিষয়ে পরামর্শপ্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়েছে। ফুটবলের বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে প্রস্তাবটি আগামী বছর মরক্কোর ফিফা কাউন্সিলে উপস্থাপন করা হবে।
ফিফার লক্ষ্য, তরুণ ফুটবলার তৈরিতে ক্লাবগুলোর বিনিয়োগ ও আগ্রহ আরও বাড়ানো। অনেক ক্লাব একাডেমি থাকলেও নিয়মিতভাবে তরুণদের মূল দলে সুযোগ দিতে অনীহা দেখায়। নতুন নিয়ম কার্যকর হলে বিষয়টি আর শুধু কৌশলগত সিদ্ধান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বাধ্যতামূলক কাঠামোর অংশ হয়ে উঠতে পারে।
বিশ্বের কয়েকটি লিগে এ ধরনের নিয়ম আংশিকভাবে চালু আছে। তবে ফিফা যদি বৈশ্বিকভাবে একই নীতি কার্যকর করে, তা হলে ক্লাব ফুটবলের দল গঠন, স্কোয়াড পরিকল্পনা এবং একাডেমি ব্যবস্থায় বড় প্রভাব পড়তে পারে।
এ ছাড়া সভায় ৪৮ দলের বিশ্বকাপ ঘিরে অংশগ্রহণকারী ফেডারেশনগুলোর জন্য আর্থিক বরাদ্দও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বরের ঘোষণায় এই অঙ্ক ছিল ৬২০ মিলিয়ন ইউরো। এখন তা বাড়িয়ে ৭৬৮ মিলিয়ন ইউরো করা হয়েছে।
ফিফা জানিয়েছে, টুর্নামেন্টের বাণিজ্যিক সাফল্যের কারণেই অংশগ্রহণকারী দলগুলোর জন্য বরাদ্দ ১৫ শতাংশ বাড়ানো হয়েছে। বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলো বর্তমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের মধ্যে টুর্নামেন্টে অংশগ্রহণের খরচ নিয়ে উদ্বেগ জানিয়েছিল।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অংশগ্রহণ তহবিল ১.২ মিলিয়ন থেকে বাড়িয়ে ২.১ মিলিয়ন ইউরো করা হয়েছে। শ্রেণিবিন্যাস বা পারফরম্যান্সভিত্তিক তহবিল ৭.৬ মিলিয়ন থেকে বেড়ে ৮.১ মিলিয়ন ইউরো হচ্ছে। দলীয় প্রতিনিধিদলের ব্যয় বাবদ ভর্তুকিও বাড়িয়ে প্রতি দলের জন্য ১৩.৬ মিলিয়ন ইউরো করা হয়েছে।