প্যারিসে বিক্ষোভের মধ্যে মেসির সই করা জার্সি চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে চলমান বিক্ষোভ ও সহিংসতার মধ্যে এবার চুরির শিকার হয়েছে লিওনেল মেসির মূল্যবান স্মারক। আর্জেন্টাইন মহাতারকার সই করা বার্সেলোনার একটি জার্সি ও অধিনায়কের আর্মব্যান্ড নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন মুখোশধারীর বিরুদ্ধে। চুরি হওয়া স্মারক দুটি হাতে নিয়ে তাঁদের ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের প্লাস দ্য লা রিপুবলিক এলাকার কাছে একটি প্রতিষ্ঠান থেকে স্মারক দুটি চুরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কালো পোশাক পরা মুখোশধারী দুই ব্যক্তিকে মেসির জার্সি ও আর্মব্যান্ড প্রদর্শন করতে দেখা যায়। তবে ভিডিওতে সরাসরি চুরির ঘটনা ধরা পড়েনি।
চুরি হওয়া জার্সিটি মেসির বার্সেলোনা অধ্যায়ের। বিখ্যাত ১০ নম্বর জার্সিটিতে রয়েছে আর্জেন্টাইন তারকার স্বাক্ষর। অন্য স্মারকটি তাঁর সই করা অধিনায়কের আর্মব্যান্ড। দুটি জিনিসই ফ্রেমে বাঁধাই করা অবস্থায় ছিল বলে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে।
তবে স্মারক দুটি ঠিক কোন প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে এবং বর্তমানে কোথায় রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের তথ্যও পাওয়া যায়নি।
মেসির ব্যবহৃত ও স্বাক্ষর করা সামগ্রীর মূল্য সাধারণত বেশ চড়া। বিশেষ করে কোনো ঐতিহাসিক ম্যাচে তার পরা জার্সি নিলামে বিপুল দামে বিক্রি হওয়ার নজির রয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে কাতার বিশ্বকাপে মেসির পরা ছয়টি জার্সি নিলামে মোট ৭৮ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এর মধ্যে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে ব্যবহৃত জার্সিটিও ছিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলাম প্রতিষ্ঠান সোথবিসের মাধ্যমে বিক্রি হয়েছিল সেগুলো।
তবে প্যারিসে চুরি হওয়ার অভিযোগ ওঠা জার্সি ও আর্মব্যান্ডের সুনির্দিষ্ট মূল্য জানা যায়নি। এএসের প্রতিবেদনে বলা হয়েছে, সংগ্রাহকদের বাজারে এসব স্মারকের মূল্য কয়েক হাজার ডলার হতে পারে। যদিও এগুলোর সত্যতা, ব্যবহারের ইতিহাস ও সংরক্ষণের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে গত কয়েক দিন ধরে ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি পরিষেবার মান নিয়ে বিক্ষোভ চলছে। গত শনিবার (১৭ অক্টোবর) প্যারিসসহ কয়েকটি শহরে বিক্ষোভ ঘিরে সহিংসতা, ভাঙচুর ও দোকানপাটে লুটপাটের ঘটনাও ঘটে। সেই বিক্ষোভের মধ্যেই মেসির স্মারক চুরির অভিযোগ ওঠে। রোববার (১৮ অক্টোবর) ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
এমন পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মুখোমুখি হচ্ছে মেসির সাবেক দুই ক্লাব পিএসজি ও বার্সেলোনা। নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও ম্যাচটি বাতিলের কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ। বাংলাদেশ সময় বুধবার (২১ অক্টোবর) রাত ১টায় পার্ক দে প্রাঁসে শুরু হবে ম্যাচটি।
-217b46.webp)
-e4f2a4.webp)

