Advertisement

রোনালদোর সাথে বিয়ের গুঞ্জনের মধ্যেই বহুদিনের স্বপ্ন পূরণ জর্জিনার

এশিয়া পোস্ট স্পোর্টস
রোনালদোর সাথে বিয়ের গুঞ্জনের মধ্যেই বহুদিনের স্বপ্ন পূরণ জর্জিনার
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বিয়ে নিয়ে জোর গুঞ্জন চলছে জর্জিনা রদ্রিগেজের। সেই আলোচনার মধ্যেই বহুদিনের একটি ব্যক্তিগত স্বপ্ন পূরণ করলেন পর্তুগিজ তারকার বাগদত্তা। জলপ্রপাতের নিচে গোসল করার ইচ্ছা ছিল তার, ছুটি কাটাতে গিয়ে এবার সেটিই পূরণ করেছেন জর্জিনা।

Advertisement

পরিবারের সঙ্গে স্পেনের মায়োর্কায় ছুটি কাটাচ্ছেন জর্জিনা। সঙ্গে আছেন রোনালদো ও পরিবারের সদস্যরা। ভূমধ্যসাগরে ইয়টে সময় কাটানোর পাশাপাশি সেখানকার বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন তিনি।

এর মধ্যেই সবচেয়ে বেশি নজর কেড়েছে জলপ্রপাতের নিচে জর্জিনার একটি ভিডিও। নিজের সেই অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানিয়েছেন, জলপ্রপাতের নিচে গোসল করা অনেক দিনের স্বপ্ন ছিল তার।

ভিডিওর সঙ্গে জর্জিনা লেখেন, ‘নিজেকে নতুনভাবে শুদ্ধ করছি।’ এরপর জানান, ‘জলপ্রপাতে গোসল করা সবসময়ই আমার স্বপ্ন ছিল।’

জর্জিনার এই ছুটির মধ্যেই অবশ্য তাকে ঘিরে আলোচনার বড় অংশ দখল করে রেখেছে রোনালদোর সঙ্গে সম্ভাব্য বিয়ে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, শনিবার ৮ আগস্ট রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরায় বিয়ে করতে পারেন এই জুটি। ফুনচালের ক্যাথেড্রাল সেদিন একটি বড় বিয়ের অনুষ্ঠানের জন্য বুক করা হয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে। অনুষ্ঠান শেষে পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলে সংবর্ধনা হতে পারে।

তবে বিয়ের তারিখ কিংবা ভেন্যু নিয়ে এখন পর্যন্ত রোনালদো বা জর্জিনার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ৮ আগস্টের বিয়ের বিষয়টি এখনো গুঞ্জন হিসেবেই থাকছে।

২০১৬ সালে রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর গত বছরের আগস্টে বাগদানের খবর প্রকাশ করেন তারা।

এরপর থেকেই কবে বিয়ে করছেন রোনালদো-জর্জিনা, তা নিয়ে আলোচনা চলছে। রোনালদো আগেও জানিয়েছিলেন, বিশ্বকাপের পর জর্জিনাকে বিয়ে করতে চান। এবার মাদেইরায় সম্ভাব্য আয়োজনের খবর সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিয়ের গুঞ্জন সত্যি হলে জীবনের আরও বড় একটি স্বপ্ন পূরণের অপেক্ষায় জর্জিনা। তার আগে মায়োর্কার ছুটিতেই পূরণ করে নিলেন ছোট্ট কিন্তু বহুদিনের আরেকটি ইচ্ছা।