logo

বার্সার পর কোচিংয়ে ইতি টানবেন ফ্লিক

বার্সার পর কোচিংয়ে ইতি টানবেন ফ্লিক

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির সম্ভাবনা থাকলেও এ মুহূর্তে বিষয়টি নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ কাতালানদের কোচ হ্যান্সি ফ্লিক। তিনি জানিয়েছেন, মৌসুমের গুরুত্বপূর্ণ সময় চলায় এখনই চুক্তি নবায়ন নিয়ে আলোচনা করতে চান না।

এর আগে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ইঙ্গিত দিয়েছিলেন, শিগগিরই ফ্লিকের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তির ঘোষণা আসতে পারে। বর্তমানে তার চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ পর্যন্ত।

তবে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ফ্লিক ভিন্ন সুরে কথা বলেন। তিনি জানান, আপাতত তার পুরো মনোযোগ দলের পারফরম্যান্সে। পাশাপাশি পরিবারের সঙ্গে আলোচনা করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নেবেন।

ফ্লিক স্পষ্ট করে বলেন, বার্সেলোনাই হবে তার কোচিং ক্যারিয়ারের শেষ গন্তব্য। 

‘আমি এখানে কাজ করতে ভালোবাসি, কিন্তু নিজের স্বাধীনতাকেও গুরুত্ব দিই। ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এখনও আছে। আমি অন্য কোথাও যাওয়ার কথা ভাবছি না—এটাই আমার শেষ কাজ হবে,’ বলেন জার্মান এই কোচ।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নিউক্যাসলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত বিষয় সামনে আনতে চান না বলেও জানান তিনি। প্রথম লেগে ১-১ ড্র হওয়ায় দ্বিতীয় লেগকে সামনে রেখে সতর্ক বার্তা দেন ফ্লিক।

ক্লাব সূত্রে জানা গেছে, ফ্লিক ও লাপোর্তার মধ্যে সম্পর্ক বেশ ভালো, যা নতুন চুক্তির সম্ভাবনাকে আরও জোরদার করছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।