logo
Advertisement

‘হারতেও জানতে হয়’, আর্জেন্টিনাকে মনে করিয়ে দিলেন রুইস

‘হারতেও জানতে হয়’, আর্জেন্টিনাকে মনে করিয়ে দিলেন রুইস
আর্জেন্টিনা ফুটবল দল। ছবি: গেটি ইমেজ

বিশ্বকাপ ফাইনালের প্রায় দুই মাস পরও স্পেন-আর্জেন্টিনা ম্যাচের শেষের সেই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনা থামেনি। এবার ফাইনালের সেই সংঘর্ষের প্রসঙ্গ টেনে স্পেনের তারকা মিডফিল্ডার ফাবিয়ান রুইস বললেন, ফুটবলে জিততে যেমন জানতে হয়, তেমনি হারটাও মেনে নিতে জানতে হয়।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে স্পেন। তবে শেষ বাঁশির পর দুই দলের কয়েকজন খেলোয়াড় ও কর্মকর্তার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে সেই ঘটনায় কঠোর শাস্তিও দেয় ফিফা।

দ্য অ্যাথলেটিককে দেওয়া সাক্ষাৎকারে সেই রাতের ঘটনা নিয়ে কথা বলেছেন রুইস। পিএসজির এই মিডফিল্ডারের মতে, বিশ্বকাপ ফাইনালের মতো মঞ্চে এমন দৃশ্য ফুটবলের জন্য ভালো উদাহরণ নয়।

বিশ্বকাপ হাতে ফাবিয়ান রুইস।
বিশ্বকাপ হাতে ফাবিয়ান রুইস।

রুইস বলেন, ‘এটা এমন একটি দৃশ্য, যা সবাই দেখেছে এবং কেউই দেখতে চায় না। অনেক ছোট শিশু ফুটবল দেখে। তাদের সামনে এমন উদাহরণ তুলে ধরা উচিত নয়।’

এরপরই আসে তার সবচেয়ে আলোচিত মন্তব্য।

‘জিততে জানতে হয়, হারতেও জানতে হয়। কেউই হারতে পছন্দ করে না, কিন্তু বিশ্বকাপ ফাইনালে ওই মুহূর্তটা খুবই দুঃখজনক ছিল,’ বলেন স্পেনের এই মিডফিল্ডার।

রুইস অবশ্য আর্জেন্টিনার কোনো খেলোয়াড়কে আলাদাভাবে দায়ী করেননি। তার বক্তব্য ছিল মাঠের এমন আচরণ এবং ফুটবলারদের দায়িত্ব নিয়ে।

তিনি বলেন, ‘আমরা সব সময় ভালো উদাহরণ দেওয়ার চেষ্টা করি, কারণ ছোট থেকে বড় সবাই ফুটবল দেখে। ওই মুহূর্তটা কেউ উপভোগ করেনি। আশা করি এটা ভুলে যাওয়া হবে এবং মানুষ আমাদের সেই অবিস্মরণীয় উদ্‌যাপনটাই মনে রাখবে।’

ফাইনালের পরের সংঘর্ষ নিয়ে তদন্ত শেষে আগস্টে বেশ কয়েকজনকে শাস্তি দেয় ফিফা। আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ ও নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচ নিষিদ্ধ করা হয়। থিয়াগো আলমাদা পান এক ম্যাচের নিষেধাজ্ঞা। কোচিং স্টাফের সদস্য রবের্তো আয়ালাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়।

স্পেনও শাস্তির বাইরে থাকেনি। গাভিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করে ফিফা। পাশাপাশি সংশ্লিষ্টদের আর্থিক জরিমানাও করা হয়।

১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সিতে হওয়া ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে বিশ্বকাপ জেতে স্পেন। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ।