দ্বৈত নাগরিকত্বের ফুটবলারকে বিশ্বকাপ দলে রেখে দক্ষিণ কোরিয়ার ইতিহাস

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া। কোচ হং মিয়ং-বোর দলে আছেন সন হিউং-মিন, কিম মিন-জে, লি কাং-ইনের মতো পরিচিত তারকারা। তবে স্কোয়াড ঘোষণার সবচেয়ে ঐতিহাসিক নাম ইয়েন্স কাস্ত্রপ। জার্মানিতে জন্ম নেওয়া এই মিডফিল্ডার দক্ষিণ কোরিয়ার হয়ে বিশ্বকাপ দলে জায়গা পাওয়া প্রথম দ্বৈত নাগরিকত্বের ফুটবলার।
২২ বছর বয়সী কাস্ত্রপ খেলেন বুন্দেসলিগার ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখে। তার বাবা জার্মান, মা কোরিয়ান। জার্মানির বয়সভিত্তিক দলে খেলার পর ২০২৫ সালের আগস্টে তিনি ফিফার কাছ থেকে জার্মানির বদলে দক্ষিণ কোরিয়ার হয়ে খেলার অনুমতি পান। একই মাসে প্রথমবার দক্ষিণ কোরিয়া দলে ডাক পান তিনি।
ফিফার তথ্য অনুযায়ী, কাস্ত্রপ দক্ষিণ কোরিয়ার পুরুষ জাতীয় দলে ডাক পাওয়া প্রথম বিদেশে জন্ম নেওয়া মিশ্র-ঐতিহ্যের ফুটবলার। এবার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে সেই পথচলায় আরও বড় ইতিহাস গড়লেন তিনি। ২০২৫-২৬ মৌসুমে বরুসিয়া মনশেনগ্লাডবাখের হয়ে বুন্দেসলিগায় ২৬ ম্যাচে ৩ গোল ও ১ অ্যাসিস্ট করেন এই মিডফিল্ডার। দক্ষিণ কোরিয়ার হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন ৫ ম্যাচ।
দলে আছেন অধিনায়ক সন হিউং-মিনও। লস অ্যাঞ্জেলেস এফসির এই ফরোয়ার্ড দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। দলের গোলের বড় ভরসাও তিনি। সনের সঙ্গে আক্রমণে রাখা হয়েছে ও হিউন-গিউ ও চো গ্যু-সুংকে।
নিয়মিত তারকাদের মধ্যে পিএসজির লি কাং-ইন এবং বায়ার্ন মিউনিখের ডিফেন্ডার কিম মিন-জেও আছেন স্কোয়াডে। উলভারহ্যাম্পটনের ফরোয়ার্ড হোয়াং হি-চ্যান, বার্মিংহাম সিটির মিডফিল্ডার পাইক সেউং-হো এবং সেল্টিকের উইঙ্গার ইয়াং হিউন-জুনও জায়গা পেয়েছেন।
চোটের কারণে হোয়াং ইন-বমকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। ফেয়েনুর্দের হয়ে খেলার সময় চোট পাওয়ায় তার বিশ্বকাপ দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে কোচ হং জানিয়েছেন, তাকে পরীক্ষা করে ফিট ও সুস্থ ধরা হয়েছে। ম্যাচ ফিটনেস এখনো পুরোপুরি নিখুঁত না হলেও যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রস্তুতি ম্যাচে খেলে তিনি আরও ছন্দে ফিরবেন বলে আশা করছেন কোচ।
বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়া। তাদের প্রতিপক্ষ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও এল সালভাদর। এরপর গ্রুপ ‘এ’-তে মূল লড়াই শুরু করবে তারা। ১১ জুন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্রথম ম্যাচ, ১৮ জুন মেক্সিকো এবং ২৪ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে নিয়মিত মুখ হলেও এবার দলটির স্কোয়াডে অভিজ্ঞতা ও নতুনত্বের মিশ্রণ স্পষ্ট। সন, কিম মিন-জে, লি কাং-ইনের মতো প্রতিষ্ঠিত তারকার পাশে কাস্ত্রপের অন্তর্ভুক্তি শুধু ফুটবলীয় সিদ্ধান্ত নয়, দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের পরিচয়েও নতুন অধ্যায়ের ইঙ্গিত।
দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের বিশ্বকাপ দল
গোলকিপার:
জো হিউন-উ, কিম সেউং-গিউ, সং বুম-কেউন।
ডিফেন্ডার:
কিম মিন-জে, জো ইউ-মিন, লি হান-বম, কিম তে-হিউন, পার্ক জিন-সিওপ, লি কি-হিয়ক, লি তে-সোক, সল ইয়ং-উ, ইয়েন্স কাস্ত্রপ, কিম মুন-হোয়ান।
মিডফিল্ডার:
ইয়াং হিউন-জুন, পাইক সেউং-হো, হোয়াং ইন-বম, কিম জিন-গিউ, বে জুন-হো, উম জি-সাং, হোয়াং হি-চ্যান, লি দং-গিয়ং, লি জে-সুং, লি কাং-ইন।
ফরোয়ার্ড:
ও হিউন-গিউ, সন হিউং-মিন, চো গ্যু-সুং।
