নেইমারের জন্য দরজা খোলা রাখলেন আনচেলত্তি
-1775920279-11468_1775920300.webp)
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। তার আগেই ব্রাজিল দলে নেইমারের ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু করে দিলেন কোচ কার্লো আনচেলত্তি।
ফরাসি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি পরিষ্কারভাবে বলেছেন, পুরোপুরি ফিট থাকলে নেইমারের জাতীয় দলে ফেরার সম্ভাবনা এখনও রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর থেকে ব্রাজিল দলের বাইরে রয়েছেন নেইমার। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে এখন ধীরে ধীরে মাঠে ফিরছেন তিনি।
২০২৫ সালের শুরুতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই নিজের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। বিশ্বকাপ সামনে রেখে সেটিই এখন তার প্রধান লক্ষ্য।
আনচেলত্তি বলেন, ‘নেইমার অসাধারণ প্রতিভা। মানুষ স্বাভাবিকভাবেই বিশ্বাস করে, সে আমাদের বিশ্বকাপ জিততে সাহায্য করতে পারে। তবে আমি শুধু সেই খেলোয়াড়দেরই দলে নেব, যারা শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।’
তিনি আরও জানান, ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং কোচিং স্টাফ নিয়মিত নেইমারের অবস্থা পর্যবেক্ষণ করছে। ‘সে ভালোভাবে চোট থেকে ফিরছে, আবার গোলও করছে। এই ধারাটা ধরে রাখতে হবে,’ যোগ করেন ইতালিয়ান এই কোচ।
নেইমারের দীর্ঘ অনুপস্থিতির মধ্যেও দলের ভেতরে তার সমর্থন কমেনি। বিশেষ করে কাসেমিরোর মতো অভিজ্ঞ ফুটবলাররা মনে করেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নেইমারের অভিজ্ঞতা এখনও দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
সম্প্রতি ফ্রান্স ও পর্তুগালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দলে রাখা হয়নি। তবুও দলীয় সূত্র বলছে, দরজা পুরোপুরি বন্ধ হয়নি। আগামী দুই মাসেই নির্ধারিত হবে তিনি বিশ্বকাপ দলে জায়গা পাবেন কি না।
এদিকে যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম জানিয়েছে, সান্তোস ছাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে নেইমারের সামনে। মেজর লিগ সকারের ক্লাব সিনসিনাটি এফসির সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে বলে খবর রয়েছে, যা তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ের ইঙ্গিত দিতে পারে।
সব মিলিয়ে, নেইমারের সামনে এখন একটাই লক্ষ্য, ফিট হয়ে নিজের জায়গাটা আবার প্রমাণ করা। আর ব্রাজিলের জন্যও প্রশ্ন একটাই, শেষ পর্যন্ত বিশ্বকাপ দলে কি ফিরবেন তাদের সবচেয়ে বড় তারকা।
সূত্র: গোল.কম