logo

লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সালাহ

লিভারপুলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন সালাহ

লিভারপুলের জার্সিতে মোহাম্মদ সালাহর শেষ অধ্যায়টা মাঠের গোল দিয়ে নয়, শেষ হতে যাচ্ছে চোটের আক্ষেপ নিয়ে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ৩-১ গোলের জয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মিশরীয় ফরোয়ার্ড মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না বলে জানিয়েছেন মিশর জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান।

লিভারপুল এখনও সালাহর চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো আপডেট দেয়নি। তবে হাসান রয়টার্সকে জানিয়েছেন, সালাহর হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়েছে এবং তার প্রায় চার সপ্তাহ চিকিৎসা লাগবে। সে হিসেবে লিভারপুলের হয়ে চলতি মৌসুমে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই।

নয়টি ট্রফিময় মৌসুম কাটানোর পর লিভারপুলে সালাহর সময়ও শেষের পথে। মাঠে আর নামতে না পারলেও মৌসুমের শেষ ম্যাচের পর সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিয়ে বিদায় জানানোর কথা রয়েছে তার।

লিভারপুলের সামনে এখনও চারটি ম্যাচ বাকি। ঘরের মাঠে চেলসি ও ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে তারা, আর বাইরে ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে। ইউনাইটেডের বিপক্ষে সালাহর দুর্দান্ত রেকর্ড থাকলেও এবার আর সেই ম্যাচে তাকে দেখা যাবে না।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন সালাহ। লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি তৃতীয় স্থানে আছেন।

তবে মিশরীয় শিবিরের জন্য স্বস্তির খবর, ২০২৬ বিশ্বকাপের আগে সালাহ ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। গ্রুপ পর্বে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড ও ইরান। ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি সেরে উঠতে মরিয়া থাকবেন সালাহ।

২০১৮ বিশ্বকাপের আগেও বড় চোটের ধাক্কা সামলাতে হয়েছিল তাকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাঁধে চোট পেয়েছিলেন সালাহ। পরে বিশ্বকাপে খেললেও মিশর গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এবার তাই একই ধরনের অস্বস্তিকর পুনরাবৃত্তি এড়াতেই বেশি সতর্ক থাকতে হবে তাকে।