logo

এল ক্লাসিকোর আগে নতুন মোড়, শেষ মুহূর্তে ফিরতে পারেন কোর্তোয়া

এল ক্লাসিকোর আগে নতুন মোড়, শেষ মুহূর্তে ফিরতে পারেন কোর্তোয়া
থিবো কোর্তোয়া। ছবি: রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর কয়েক ঘণ্টা আগে থিবো কোর্তোয়াকে নিয়ে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে রিয়াল মাদ্রিদে। অসুস্থতার কারণে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ থেকে বেলজিয়ান গোলরক্ষক ছিটকে গেছেন বলে সকালে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল ক্লাবটি। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে গেছে পরিস্থিতি। কোর্তোয়ার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে খেলানোর সম্ভাবনা আবারও বিবেচনা করছে রিয়াল। সবকিছু ঠিক থাকলে শেষ মুহূর্তে বার্সেলোনায় পৌঁছে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি।

রোববার (২৫ অক্টোবর) সকালে কোর্তোয়ার অনুপস্থিতি নিশ্চিত করে বিবৃতি দেয় রিয়াল মাদ্রিদ। সেখানে জানানো হয়, ফ্লুর মতো অসুস্থতায় ভুগছেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক। তার পরিবর্তে রিয়াল মাদ্রিদ সি দলের গোলরক্ষক ইলিয়া ভোলোশিনকে স্কোয়াডে নেওয়া হয়েছে।

তবে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, সকালের তুলনায় কোর্তোয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে তাকে আর পুরোপুরি বাতিলের খাতায় রাখছে না রিয়াল। ম্যাচের আগে তার শারীরিক অবস্থা আবারও মূল্যায়ন করা হবে। যথেষ্ট সুস্থ হয়ে উঠলে শেষ মুহূর্তে তাকে বার্সেলোনায় পাঠানোর প্রস্তুতিও রয়েছে ক্লাবের।

সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের রিয়াল মাদ্রিদবিষয়ক প্রতিবেদক মারিও কর্তেগানাও জানিয়েছেন, ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার পরও এল ক্লাসিকোতে খেলার ব্যাপারে আশাবাদী কোর্তোয়া। অসুস্থতা কাটিয়ে শেষ মুহূর্তে ম্যাচে অংশ নেওয়ার চেষ্টা করছেন বেলজিয়ান এই গোলরক্ষক।

স্পেনের রেডিও স্টেশন কাদেনা সেরও জানিয়েছে, কোর্তোয়া এখন আগের চেয়ে ভালো অনুভব করছেন। অসুস্থতার কারণে সকালে বার্সেলোনায় যাওয়ার অবস্থায় না থাকলেও শারীরিক উন্নতি অব্যাহত থাকলে পরে দলের সঙ্গে যোগ দেওয়ার চেষ্টা করবেন তিনি।

যদিও রিয়াল মাদ্রিদের মূল দলের সঙ্গে বার্সেলোনায় যাননি কোর্তোয়া। তাকে ছাড়াই দুপুরে সেখানে পৌঁছেছে হোসে মরিনহোর দল। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে রিয়ালের একটি সূত্র জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হলে কোর্তোয়ার ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি।

এদিকে কোর্তোয়ার বিকল্প হিসেবে ডাকা তরুণ গোলরক্ষক ভোলোশিন ইতিমধ্যে দলের সঙ্গে বার্সেলোনায় পৌঁছেছেন। মূলত রিয়াল মাদ্রিদ সি দলের হয়ে ম্যাচ খেলার কথা ছিল তার। কিন্তু কোর্তোয়ার অসুস্থতার খবরের পর জরুরি ভিত্তিতে মূল দলের সঙ্গে নেওয়া হয়েছে ইউক্রেনীয় এই গোলরক্ষককে।

শেষ পর্যন্ত কোর্তোয়া খেলতে না পারলে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পড়তে পারে আন্দ্রি লুনিনের ওপর। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামেননি ইউক্রেনের এই গোলরক্ষক। তবে এর আগে চারটি এল ক্লাসিকো খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সেই চার ম্যাচের তিনটিতেই জিতেছে রিয়াল। যদিও একটিতেও গোলপোস্ট অক্ষত রাখতে পারেননি লুনিন।

অন্যদিকে কোর্তোয়া চলতি মৌসুমে রিয়ালের ১২টি প্রতিযোগিতামূলক ম্যাচের সব কটিতেই খেলেছেন। মাঠে কাটিয়েছেন ১ হাজার ৮০ মিনিট। এর মধ্যে দুটি ম্যাচে নিজের গোলপোস্ট অক্ষত রেখেছেন তিনি। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে আরবি লাইপজিগের বিপক্ষেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেছিলেন বেলজিয়ান তারকা।

এমনিতেই একাধিক গুরুত্বপূর্ণ ফুটবলারের অনুপস্থিতিতে বিপাকে রয়েছে রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র নিষিদ্ধ থাকায় খেলতে পারবেন না। চোটের কারণে মাঠে নামতে পারবেন না রদ্রিগো, ফেরলাঁ মেন্দি ও রাউল আসেনসিও। যদিও চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা আসেনসিও সতীর্থদের সমর্থন দিতে দলের সঙ্গে বার্সেলোনায় গেছেন। এমন পরিস্থিতিতে কোর্তোয়াকে শেষ মুহূর্তে ফিরে পাওয়া মরিনিওর জন্য বড় স্বস্তির কারণ হতে পারে।

বাংলাদেশ সময় সোমবার (২৬ অক্টোবর) ভোর ২টায় বার্সেলোনার স্পটিফাই ক্যাম্প ন্যুতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লা লিগায় প্রথম নয় ম্যাচের সব কটিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। অন্যদিকে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ। ফলে শিরোপার লড়াইয়ে ব্যবধান কমাতে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ মরিনহোর দলের জন্য।