logo

বার্সার মার্তিনকে লাল কার্ড দেখানো উচিত ছিল, স্বীকার স্প্যানিশ রেফারিদের

বার্সার মার্তিনকে লাল কার্ড দেখানো উচিত ছিল, স্বীকার স্প্যানিশ রেফারিদের

লা লিগায় বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ ঘিরে বিতর্ক নতুন মোড় নিয়েছে। স্পেনের রেফারিং কমিটি স্বীকার করেছে, বার্সেলোনার ডিফেন্ডার জেরার্দ মার্তিনকে লাল কার্ডই দেখানো উচিত ছিল।

গত শনিবারের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে একটি ঘটনায় প্রথমে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল মার্তিনকে। অ্যাটলেটিকোর মিডফিল্ডার থিয়াগো আলমাদার ওপর বিপজ্জনক ট্যাকল করেন তিনি। বল ক্লিয়ার করার পর স্টাডস তুলে প্রতিপক্ষের পায়ের ওপর আঘাত করেন, যা নিয়ম অনুযায়ী গুরুতর ফাউল হিসেবে বিবেচিত।

তবে ভিএআরের পরামর্শে মাঠের রেফারি মাতেও বুসকেতস ফেরের সিদ্ধান্ত বদলে ফেলেন। মনিটরে দেখে লাল কার্ড প্রত্যাহার করে মার্তিনকে হলুদ কার্ড দেখান তিনি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলে।

স্প্যানিশ রেফারিং কমিটি তাদের সাপ্তাহিক পর্যালোচনায় জানিয়েছে, মাঠের রেফারির প্রথম সিদ্ধান্তই সঠিক ছিল। তাদের মতে, খেলোয়াড় বল ছুঁলেও সেটি নিয়ন্ত্রণে ছিল না এবং ট্যাকলটি ছিল বিপজ্জনক। তাই শাস্তি হওয়া উচিত ছিল লাল কার্ড।

কমিটির বক্তব্য অনুযায়ী, এই ঘটনায় ভিএআরের হস্তক্ষেপই ছিল ভুল। তারা মনে করে, সঠিক সিদ্ধান্ত থাকা সত্ত্বেও রেফারিকে মনিটরে ডাকা উচিত হয়নি এবং সিদ্ধান্ত বদলানোও ঠিক হয়নি।

ম্যাচটি তখন ১-১ অবস্থায় ছিল এবং অ্যাটলেটিকো ইতিমধ্যে এক খেলোয়াড় কম নিয়ে খেলছিল। শেষ পর্যন্ত ১০ জনের দল নিয়েই লড়াই চালিয়ে গেলেও ৮৭ মিনিটে রবার্ট লেভানডোভস্কির গোলে হেরে যায় তারা। এই জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনা আরও এগিয়ে যায়।

এই ঘটনার পর আবারও স্প্যানিশ ফুটবলে প্রশ্ন উঠেছে ভিএআরের ব্যবহার ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে।