logo

টানা তৃতীয়বার বিশ্বকাপ মিসের পর ইতালিতে ফুটবল পুনর্গঠনের ডাক

টানা তৃতীয়বার বিশ্বকাপ মিসের পর ইতালিতে ফুটবল পুনর্গঠনের ডাক

মাঝেমধ্যে একটি পরাজয় যে কখনও কখনও শুধু আসর নয়, পুরো ব্যবস্থার ওপর প্রশ্ন তুলে দেয়। বসনিয়ার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার পর ঠিক সেই অবস্থাতেই দাঁড়িয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। আর এবার আর অপেক্ষা নয় দেশটির সরকার সরাসরি নেমে পড়েছে ফুটবল পুনর্গঠনের পথে।

ইতালির ক্রীড়া ও যুবমন্ত্রী আন্দ্রেয়া আবোদি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইতালিয়ান ফুটবলকে নতুন করে গড়তে হবে, আর সেই প্রক্রিয়া শুরু করতে হবে ফেডারেশনের নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে।

তার কথায়, ইতালিতে ফুটবল শুধু খেলা নয়, এটি সংস্কৃতির অংশ, জাতীয় গর্বের প্রতীক। কিন্তু টানা তিনটি বিশ্বকাপ মিস করার বাস্তবতা মেনে নেওয়া কঠিন। একটি প্রজন্ম বড় হয়ে যাচ্ছে জাতীয় দলকে বিশ্বকাপে না দেখেই এটাকে তিনি দুঃখজনক বলেই মনে করেন।

মন্ত্রী বলেন, খেলোয়াড়দের চেষ্টা নিয়ে কোনো প্রশ্ন নেই, কোচিং স্টাফও নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ফলাফল বলছে, কোথাও না কোথাও বড় সমস্যা রয়েছে। সেই সমস্যার দায় এড়ানোর সুযোগ নেই কারও।

তিনি আরও ইঙ্গিত দেন, শুধু মাঠের পারফরম্যান্স নয়, পুরো কাঠামোতেই পরিবর্তন প্রয়োজন। দীর্ঘদিন ধরে একইভাবে চলতে থাকা ব্যবস্থাকে নতুন করে সাজাতে হবে, দায়িত্ব নিতে হবে সংশ্লিষ্ট সবাইকে।

এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে আছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্রাভিনা। সমর্থক থেকে শুরু করে ফুটবল সংশ্লিষ্ট অনেকেই তার পদত্যাগ দাবি করছেন। তবে এখন পর্যন্ত তিনি সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেননি, বরং তার কিছু মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

নাপোলি সভাপতি অরেলিও দে লরেন্তিসও খোলাখুলি বলেছেন, ইতালির ফুটবলকে নতুন করে গড়তে হলে শুরু থেকে শুরু করতে হবে। প্রয়োজনে বড় ধরনের পরিবর্তন আনতে হবে নেতৃত্বে।

সব মিলিয়ে ইতালিয়ান ফুটবল এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একসময় বিশ্ব ফুটবলে আধিপত্য করা দলটি এখন নিজেদের পুনরুদ্ধারের পথ খুঁজছে। সামনে কী পরিবর্তন আসে, সেটাই এখন দেখার।