logo
Advertisement

হামজাদের আসিয়ান কাপ খেলার বাধা কাটল

এশিয়া পোস্ট স্পোর্টস
হামজাদের আসিয়ান কাপ খেলার বাধা কাটল
বাংলাদেশ ফুটবল দল। ছবি: সংগৃহীত

অপেক্ষা ছিল কেবল ফিফার অনুমতির। সেটিও মিলেছে। ভারত সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় প্রথম ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ।

Advertisement

শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করা হয়। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হবে আট দলের এই প্রতিযোগিতা।

বাফুফের গণমাধ্যম কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আমরা ফিফার কাছে আবেদন করেছিলাম। শুক্রবার রাতে ইতিবাচক উত্তর পেয়েছি। এরপর আমরাও অংশগ্রহণের চূড়ান্ত নিশ্চয়তা পাঠিয়ে দিয়েছি।’

প্রতিযোগিতার ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

শুরুতে অতিথি দল হিসেবে ভারতের অংশ নেওয়ার কথা ছিল। তবে একই সময়ে অন্য আন্তর্জাতিক ম্যাচ থাকায় প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় তারা। এরপর আয়োজকদের কাছ থেকে পাওয়া আমন্ত্রণ গ্রহণ করে বাফুফে। আনুষ্ঠানিকতা শেষ করতে প্রয়োজন ছিল ফিফার অনুমতি, সেটিই এবার পাওয়া গেল।

এর আগে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি জরুরি বৈঠকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত দেয়। বিকল্প হিসেবে ঢাকায় চার জাতির একটি প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও ছিল। তবে শক্তিশালী প্রতিপক্ষ, যাতায়াত ও আবাসন সুবিধার পাশাপাশি অংশগ্রহণের অর্থ পাওয়ায় আসিয়ান কাপকেই বেছে নেয় বাফুফে।

নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতেও প্রতিযোগিতাটি কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রধান কোচ থমাস ডুলির সঙ্গে আলোচনা করে শিগগিরই জাতীয় দলের প্রস্তুতি শিবিরের তারিখ ঘোষণা করবে বাফুফে।

ফিফার সবুজ সংকেত পাওয়ায় এখন আর কোনো অনিশ্চয়তা নেই। হামজা চৌধুরীদের সামনে এবার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের যাচাই করার সুযোগ।

হামজাদের আসিয়ান কাপ খেলার বাধা কাটল