বার্সা ছাড়া আর কোনো দলেই যেতে চান না আলভারেজ
-a518ab-720x405.webp)
আর্সেনালসহ ইউরোপের একাধিক বড় ক্লাবের আগ্রহ রয়েছে তাকে নিয়ে। কিন্তু হুলিয়ান আলভারেজের ভাবনায় নেই তাদের কেউই। বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদ ছাড়লে শুধু বার্সেলোনাতেই যেতে চান আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সেই পথ বন্ধ থাকলে বর্তমান ক্লাবেই থেকে যাবেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, আলভারেজের ভবিষ্যৎ এখন দুই ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ। তার প্রথম পছন্দ বার্সা। তবে কাতালান ক্লাবটিতে যাওয়া সম্ভব না হলে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকা আতলেতিকোতে খেলবেন ২৬ বছর বয়সী এই তারকা।
গত ২৫ মে আতলেতিকো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন আলভারেজ। বার্সেলোনায় খেলা তার স্বপ্ন এবং সেখানেই ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় শুরু করতে চান বলে জানিয়েছিলেন তিনি।
এর কয়েক সপ্তাহ পর বিশ্বকাপ চলাকালে প্রকাশ্যেও দলবদলের ইঙ্গিত দেন আলভারেজ। আতলেতিকোর সঙ্গে আলোচনা করার কথা জানিয়ে বলেছিলেন, “সবার জন্য দলবদলই সম্ভবত সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আমি নিজের স্বপ্ন পূরণ করতে চাই।”
তিন মাস পেরিয়ে গেলেও অবস্থান বদলাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। আর্সেনাল তাকে নিতে আগ্রহী হলেও ইংল্যান্ডে ফেরার কথা বিবেচনা করছেন না তিনি। আলভারেজের ঘনিষ্ঠদের দাবি, এই মৌসুমেই বার্সার জার্সিতে খেলাই তার একমাত্র লক্ষ্য।
কিন্তু আলভারেজের স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা আতলেতিকো। মাদ্রিদের ক্লাবটি তাকে লা লিগার সরাসরি প্রতিদ্বন্দ্বীর কাছে ছাড়তে রাজি নয়। ক্লাবের প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিন এমনকি ২০ কোটি ইউরোর প্রস্তাব এলেও আলভারেজকে বিক্রি করা হবে না বলে জানিয়েছেন।
আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনেও তাকে হারাতে চান না। আলভারেজকে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় উল্লেখ করে তিনি বলেছেন, “ও আমাদের সেরা খেলোয়াড়। ওর সামর্থ্য মাথায় রেখেই আমরা দল গড়তে চাই।”
দলবদল নিয়ে চলমান অচলাবস্থার মধ্যে মালাগার বিপক্ষে আতলেতিকোর লিগের প্রথম ম্যাচে খেলেননি আলভারেজ। বিশ্বকাপের পর দেরিতে দলের সঙ্গে যোগ দেওয়ায় তার আরও অনুশীলন প্রয়োজন বলে জানিয়েছিলেন সিমিওনে। রোববার ভিয়ারিয়ালের বিপক্ষে তাকে ফেরানোর আশা করছেন আতলেতিকো কোচ।
অন্যদিকে, আতলেতিকোর অনড় অবস্থানের কারণে আলভারেজকে নেওয়ার চেষ্টা আপাতত স্থগিত করেছে বার্সেলোনা। নতুন একজন কেন্দ্রীয় ফরোয়ার্ডের সন্ধানে বিকল্প খেলোয়াড়দের দিকেও নজর দিয়েছে কাতালান ক্লাবটি।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে সাড়ে সাত কোটি ইউরোয় আতলেতিকোয় যোগ দিয়েছিলেন আলভারেজ। মাদ্রিদের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১০৬ ম্যাচে ৪৯ গোল করেছেন তিনি।
বার্সা তাকে নিতে আবার চেষ্টা করবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। তবে আলভারেজ নিজের সিদ্ধান্ত নিয়ে পরিষ্কার। বার্সেলোনায় স্বপ্নের দলবদল, নয়তো আতলেতিকোই থেকে যাওয়া। তার সামনে আপাতত তৃতীয় কোনো পথ নেই।



-1859de.webp)