মেসিকে সেরা বলায় রোনালদো ‘আনফলো’ করেন, দাবি লিনেকারের

ফুটবলবিশ্বে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে শ্রেষ্ঠত্বের বিতর্ক যেন শেষ হওয়ার নয়। সময় বদলেছে, লিগ বদলেছে; কিন্তু এই দ্বন্দ্ব এখনও আলোচনার কেন্দ্রে।
এই বিতর্কে নিজের অবস্থান বরাবরই স্পষ্ট রেখেছেন ইংল্যান্ডের কিংবদন্তি স্ট্রাইকার গ্যারি লিনেকার। তার মতে, সবদিক বিবেচনায় মেসিই এগিয়ে। তবে সেই মতামতের কারণে ব্যক্তিগত পর্যায়েও এক ধরনের প্রতিক্রিয়ার মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি এক পডকাস্টে লিনেকার জানান, মেসিকে সেরা বলার পর থেকেই নাকি তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা বন্ধ করেছেন রোনালদো। বিষয়টি তিনি হালকা মেজাজেই তুলে ধরেন।
লিনেকারের ভাষায়, তিনি কখনও রোনালদোকে ছোট করে কিছু বলেননি; বরং নিজের দৃষ্টিভঙ্গি থেকেই মত দিয়েছেন। তবুও সেই মত রোনালদোর ভালো লাগেনি বলেই ধারণা তার।
তবে পুরো বিষয়টিকে বড় করে দেখছেন না ইংল্যান্ডের এই কিংবদন্তি। তিনি জানান, রোনালদোর খেলা তিনি বরাবরই উপভোগ করেছেন এবং এখনও করেন। মতের অমিল থাকলেও ব্যক্তিগতভাবে কোনো বিরূপ মনোভাব নেই তার।