logo

মালয়েশিয়া হারের পর ডুলির একাদশে বদলের ইঙ্গিত

মালয়েশিয়া হারের পর ডুলির একাদশে বদলের ইঙ্গিত
এবার শিষ্যদের কাছে পূর্ণ তিন পয়েন্ট চাইলেন ডুলি। ছবি: বাফুফের ফেসবুক পেজ

মালয়েশিয়ার বিপক্ষে হতাশাজনক হারের পর আর রক্ষণাত্মক ফুটবল দেখতে চান না থমাস ডুলি। সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচের আগে বাংলাদেশ কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দলের লক্ষ্য তিন পয়েন্ট। র‌্যাঙ্কিং নিয়ে ভাবনা নেই, মাঠে চাই আরও আক্রমণাত্মক মানসিকতা।

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে দলের খেলা মোটেই পছন্দ হয়নি বলে জানিয়েছেন ডুলি। বিশেষ করে নিচ থেকে খেলা গড়তে গিয়ে ভুল, অযথা জায়গা ছেড়ে দেওয়া আর চাপ সামলাতে না পারাতেই বিরক্ত তিনি। ডুলির ভাষায়, মালয়েশিয়াকে কয়েকটি গোল বাংলাদেশই “উপহার” দিয়েছে।

রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডুলি বলেন, তিনি শুরু থেকেই খেলোয়াড়দের মানসিকতা বদলাতে বলছেন। তার চাওয়া, দল আরও আত্মবিশ্বাসী হবে, ওপরে উঠে প্রতিপক্ষকে চাপে ফেলবে, বলের জন্য লড়বে এবং সুযোগ পেলেই আক্রমণে যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে সেই বদলে যাওয়া বাংলাদেশকেই দেখতে চান তিনি।

বাংলাদেশ কোচের কথায়, ‘আমি ম্যাচটা জিততে চাই। এ নিয়ে কোনো প্রশ্নই নেই।’ একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, টুর্নামেন্ট থেকে অন্তত কিছু নিয়ে ফেরার সুযোগ এখনো আছে। মালয়েশিয়ার বিপক্ষে হারায় হিসাব কঠিন হয়ে গেলেও সিঙ্গাপুরের বিপক্ষে জিতেই ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজ দল।

এ ম্যাচে একাদশেও পরিবর্তন আসতে পারে। মালয়েশিয়ার বিপক্ষে রক্ষণে যে দুর্বলতা চোখে পড়েছে, সেটি ঠিক করতে ডুলি নতুন সমাধান খুঁজছেন।

বাংলাদেশের জন্য আরেকটি বাড়তি প্রেরণা হতে পারে সাম্প্রতিক অতীত। সিঙ্গাপুরের কাছে সর্বশেষ দুই দেখাতেই হেরেছে বাংলাদেশ একবার ঢাকায়, আরেকবার সিঙ্গাপুরে। তাই প্রতিশোধের তাড়নাও থাকবে। তবে ডুলি প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। তার চোখে, সিঙ্গাপুর সংগঠিত দল, কিন্তু তাদের বিপক্ষে লড়াই করার মতো সামর্থ্য বাংলাদেশের আছে।

গ্রুপে দুই দলই প্রথম ম্যাচ হেরে এসেছে। বাংলাদেশ হেরেছে মালয়েশিয়ার কাছে, আর সিঙ্গাপুর ২-০ গোলে হেরেছে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে। ফলে দুই দলের কাছেই আজকের ম্যাচটি কার্যত ঘুরে দাঁড়ানোর লড়াই।