logo
Advertisement

আর্জেন্টিনায় ভবিষ্যৎ নিয়ে আবারও ধোঁয়াশা রাখলেন স্কালোনি

আর্জেন্টিনায় ভবিষ্যৎ নিয়ে আবারও ধোঁয়াশা রাখলেন স্কালোনি
লিওনেল স্কালোনি। ছবি: গেটি ইমেজ

আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও এরপর তিনি থাকবেন কি না, সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এবারও দিলেন না বিশ্বকাপজয়ী কোচ।

বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে চীনা গণমাধ্যম মিগুকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ এবং আর্জেন্টিনার নতুন পথচলা নিয়ে কথা বলেছেন স্কালোনি।

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পরই দায়িত্ব ছাড়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবারও সেই অবস্থান পুরোপুরি বদলাননি।

স্কালোনি বলেন, সামনে তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে নিজের উপস্থিতিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছেন না তিনি।

‘এটা কঠিন হবে, সহজ হবে না। কোচ হিসেবে, একটা দলের নেতা হিসেবে সেটা বুঝতে হবে। আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা থাকি বা না থাকি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়,’ বলেন স্কালোনি।

বিশ্বকাপের পর নতুন করে আরেকটি সফল দল গড়ে তোলার চ্যালেঞ্জও স্বীকার করেছেন আর্জেন্টিনা কোচ। তার মতে, গত কয়েক বছরে জাতীয় দলের সঙ্গে সমর্থকদের যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটি আবার একইভাবে তৈরি করা সহজ হবে না।

সামনের ম্যাচগুলোতে তাই নতুন প্রজন্মের ফুটবলারদের সুযোগ দিতে চান স্কালোনি। আগুস্তিন জিয়াই, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো ও রোমান ভেগার মতো তরুণদের সাম্প্রতিক দলে রাখাও সেই পরিকল্পনার অংশ।

স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপ ফাইনালের পর তিনি জানিয়েছিলেন, চুক্তি শেষ করে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তাকে রেখে দিতে আগ্রহী হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ৪৮ বছর বয়সী এই কোচ।