বার্সা-রিয়ালকে ছাড়াই শুরু লা লিগা, কারণ কী?

মৌসুমের প্রথম বাঁশি বেজে গেলেও মাঠে নেই লা লিগার সবচেয়ে বড় দুই আকর্ষণ। উদ্বোধনী সপ্তাহে খেলবে না বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপের শেষ চারে খেলা ফুটবলারদের বাধ্যতামূলক বিশ্রাম নিশ্চিত করতেই দুই জায়ান্টের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।
শনিবার শুরু হওয়া ২০২৬-২৭ মৌসুমের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে মাত্র ছয়টি ম্যাচ। বার্সা ও রিয়ালের পাশাপাশি খেলবে না রিয়াল বেতিস ও সেল্তা ভিগোও।
লা লিগা ও স্পেনের পেশাদার ফুটবলারদের সংগঠন এএফইর চুক্তি অনুযায়ী, বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা দেশগুলোর খেলোয়াড়দের অন্তত ২১ দিনের বিশ্রাম দিতে হবে। একই সঙ্গে মৌসুম শুরুর আগে পর্যাপ্ত অনুশীলনের সময়ও নিশ্চিত করতে হবে।
গত ১৯ জুলাই আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। ফলে ফাইনালে খেলা দুই দলের পাশাপাশি সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড ও ফ্রান্সের ফুটবলাররাও ক্লাবের প্রস্তুতিতে দেরিতে যোগ দিয়েছেন।
স্পেনের বিশ্বকাপজয়ী দলে ছিলেন বার্সেলোনার আট ফুটবলার। লামিনে ইয়ামাল, পেদ্রি, দানি ওলমো ও পাউ কুবারসিরা কয়েক দিন আগেই ক্লাবের অনুশীলনে ফিরেছেন। রিয়াল মাদ্রিদের মার্ক কুকুরেয়া ছাড়াও ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও অরেলিয়াঁ চুয়ামেনিও পর্যাপ্ত প্রস্তুতির সময় পাননি।
লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান বার্সেলোনা শুরু করবে ২৩ আগস্ট এলচের মাঠে। এরপর ২৭ আগস্ট ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে খেলবে উদ্বোধনী সপ্তাহের স্থগিত ম্যাচটি।
অন্যদিকে জোসে মরিনিওর দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ ২২ আগস্ট, এস্পানিওলের মাঠে। প্রথম সপ্তাহে হওয়ার কথা থাকা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তাদের ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে ২৬ আগস্ট।
বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বেশি খেলোয়াড় ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের। চাইলে তারাও প্রথম ম্যাচ পিছিয়ে দিতে পারত। তবে ২৮, ২৯ ও ৩০ আগস্ট মেট্রোপলিতানো স্টেডিয়ামে সংগীতানুষ্ঠান থাকায় সূচি বদলানোর সুযোগ নেয়নি ক্লাবটি। আগামী ১৯ আগস্ট মালাগার বিপক্ষে খেলবে দিয়েগো সিমিওনের দল। বিশ্বকাপ ফাইনালে খেলা তাদের ফুটবলারদের সেই ম্যাচে পাওয়া যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।
আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সদস্য জিওভানি লো সেলসোকে বিশ্রাম দিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল বেতিসের ম্যাচ পিছিয়ে ২৫ আগস্ট নেওয়া হয়েছে। অন্যদিকে বিশ্বকাপ নয়, মাঠের সমস্যার কারণে খেলতে পারছে না সেল্তা ভিগো। বালাইদোস স্টেডিয়ামের ঘাসে রোগ ছড়িয়ে পড়ায় ওসাসুনার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ২৭ আগস্ট।
প্রথম সপ্তাহের ম্যাচ ভাগ করে আয়োজনের প্রস্তাবে গত ৯ জুন সম্মতি দিয়েছিলেন লা লিগার ক্লাব প্রতিনিধিরা। পরে ৩০ জুন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভায় নতুন সূচি অনুমোদন করা হয়।
ফলে লা লিগা শুরু হলেও বার্সা-রিয়াল সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। মাঠে ফিরেই অবশ্য ব্যস্ততায় পড়বে দুই দল। আগস্টের শেষ দিকে অল্প সময়ের ব্যবধানে একাধিক ম্যাচ খেলতে হবে তাদের।



