Advertisement

রিয়াল চায় না, চেলসি ছাড়ে না: দলবদলের ফাঁদে এনজো

এশিয়া পোস্ট স্পোর্টস
রিয়াল চায় না, চেলসি ছাড়ে না: দলবদলের ফাঁদে এনজো
দল-বদল নিয়ে বেশ বড় ঝামেলায় পড়েছেন এনজো। ছবি: গোল.কম

বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে বিশ্বকাপে লাল কার্ড পাওয়া আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের ফেরার কথা ইংলিশ ক্লাব চেলসিতে। কিন্তু ছুটি কাটিয়ে তিনি সতেজ মন না সঙ্গে করে তিনি নিয়ে যাচ্ছেন ফাইনাল হারের হতাশা, লাল কার্ডের অস্বস্তি এবং নিজের ভবিষ্যৎ নিয়ে বড় একটি প্রশ্ন। তবে সবচেয়ে বড় প্রশ্ন চেলসিতে কি তিনি থাকতে চান?

এনজো নিজে সরাসরি ক্লাব ছাড়ার ঘোষণা দেননি। তবে তার সাম্প্রতিক মন্তব্য এবং এজেন্ট হাভিয়ের পাস্তোরের বক্তব্যে স্পষ্ট, স্টামফোর্ড ব্রিজের বাইরে সম্ভাব্য গন্তব্য খোঁজা হচ্ছে। সমস্যাটা হলো, চেলসি ছাড়তে চাইলেও এই মুহূর্তে তার যাওয়ার মতো বাস্তবসম্মত জায়গা খুব একটা দেখা যাচ্ছে না।

বিশ্বকাপ ফাইনালও শেষ হয়েছে এনজোর জন্য তিক্তভাবে। নির্ধারিত সময়ের যোগ করা অংশে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার। দশজনের আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জিতে বিশ্বকাপ নেয় স্পেন।

ফাইনালের সেই ঘটনা নিয়ে সমালোচনা থাকলেও এনজোর দলবদলের জটিলতা তৈরি হয়েছিল আরও আগে। তার প্রতিনিধি পাস্তোর জানিয়েছিলেন, চেলসি ছাড়ার সম্ভাব্য পথ খোঁজা হচ্ছে, যদিও কোনো ক্লাবের সঙ্গে পাকা সমঝোতা হয়নি। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলার সময়ই এনজোর জন্য বিকল্প খোঁজার কথা স্বীকার করেন তিনি।

এনজোর পছন্দের সম্ভাব্য গন্তব্য হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে রিয়াল মাদ্রিদের নাম। স্পেনে এবং বিশেষ করে মাদ্রিদে থাকার আগ্রহ প্রকাশ করে আগে থেকেই জল্পনা বাড়িয়েছিলেন তিনি। কিন্তু সেই সম্ভাবনার দরজা প্রকাশ্যেই বন্ধ করে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

গত ৩ জুলাই প্রকাশিত বিবৃতিতে রিয়াল জানায়, এনজোকে দলে নিতে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো উদ্যোগ নেয়নি। ভবিষ্যতেও এমন কোনো দলবদল সম্পন্ন করার ইচ্ছা নেই তাদের। রিয়াল একই সঙ্গে এনজো ও চেলসির প্রতি সম্মান জানিয়ে খবরগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক বিবৃতি তাই আপাতত এনজোর মাদ্রিদ-স্বপ্নে সবচেয়ে বড় বাধা।

অন্য ক্লাবের জন্য বাধা চেলসির নির্ধারিত মূল্য। এনজোকে বিক্রি করতে প্রায় ১২ কোটি পাউন্ড চাইতে পারে লন্ডনের ক্লাবটি। ইএসপিএনের তথ্য অনুযায়ী, এই মূল্য থেকে সরে আসার ইঙ্গিত এখনো দেয়নি চেলসি।

এর সঙ্গে রয়েছে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি। ফলে কম দামে এনজোকে ছেড়ে দেওয়ার কোনো চাপও নেই ক্লাবটির ওপর। দীর্ঘমেয়াদি চুক্তির কারণে আলোচনায় চেলসির অবস্থানই শক্তিশালী।

নতুন কোচ জাবি আলোনসোর অবস্থানও এনজোর বিদায়ের পক্ষে নয়। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছেন, আর্জেন্টাইন মিডফিল্ডারকে দলে রাখতে চান। দুজনের মধ্যে কথাও হয়েছে, যদিও আলোচনার বিষয় প্রকাশ করেননি আলোনসো। ইএসপিএন জানিয়েছে, এনজোকে ধরে রাখার ইচ্ছা প্রকাশ্যেই বলেছেন চেলসি কোচ।

সব মিলিয়ে এনজোর সামনে এখন দুটি পথ। চড়া মূল্য মেনে কোনো বড় ক্লাব এগিয়ে এলে চেলসি ছাড়ার সুযোগ তৈরি হতে পারে। সেটি না হলে আলোনসোর অধীনে নতুনভাবে শুরু করে ক্লাব ও সমর্থকদের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে তাঁকে।

বর্তমান বাজার, রিয়ালের আনুষ্ঠানিক অস্বীকৃতি এবং চেলসির শক্ত অবস্থান বিবেচনায় দ্বিতীয় পথটিই বেশি বাস্তবসম্মত। দলবদলের আলোচনা যতই হোক, এনজোর পরবর্তী ঠিকানা আপাতত স্টামফোর্ড ব্রিজই হওয়ার সম্ভাবনা বেশি।