ফিনালিসিমা ঘিরে অনিশ্চয়তার পরও আয়োজক থাকতে চায় কাতার

বিশ্ব ফুটবলে বহুল আলোচিত আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমার ভেন্যু নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও আয়োজক দেশের মর্যাদা ধরে রাখতে চায় কাতার। তবে পরিস্থিতি কোন দিকে যায়, তা অনেকটাই নির্ভর করছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সিদ্ধান্তের ওপর।
এই ম্যাচ আয়োজনের দায়িত্ব যৌথভাবে থাকে উয়েফা এবং কনমেবলের হাতে। দুই সংস্থা পালাক্রমে ফিনালিসিমা আয়োজন করে। প্রথম সংস্করণটি ইউরোপীয় ফুটবল সংস্থার তত্ত্বাবধানে ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল।
বর্তমান সংস্করণ আয়োজনের দায়িত্ব দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবলের। সংস্থাটির সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজের নেতৃত্বে সিদ্ধান্ত নেওয়া হয় ম্যাচটি দক্ষিণ আমেরিকার বদলে মধ্যপ্রাচ্যে আয়োজন করা হবে। এর পেছনে বড় অঙ্কের আর্থিক প্রস্তাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
কনমেবল ইতোমধ্যে কাতারের সঙ্গে ফিনালিসিমা আয়োজনের বিষয়ে একটি চুক্তি করেছে। ফলে ভেন্যু পরিবর্তন করতে হলে সেই চুক্তির বিভিন্ন ধারা ও সম্ভাব্য ক্ষতিপূরণের বিষয়ও বিবেচনায় নিতে হবে। এ কারণে সিদ্ধান্ত নিতে সময় লাগছে।
শুধু ফিনালিসিমা নয়, এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে আরও কয়েকটি ম্যাচ, যা “কাতার ফুটবল ফেস্টিভ্যাল”-এর অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছে।
তবে দোহায় সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ম্যাচটি সেখানে আয়োজন করা সম্ভব না হলে বিকল্প ভেন্যু খুঁজে বের করার দায়িত্ব পড়বে কনমেবলের ওপর। সেই ভেন্যু ইউরোপে হবে কি না—সেটিও এখনও নিশ্চিত নয়।
ফিনালিসিমা আয়োজনের সম্ভাব্য তারিখ সামনে রেখে সময় খুব বেশি নেই। প্রায় তিন সপ্তাহ বাকি থাকায় আগামী সপ্তাহের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাপ রয়েছে আয়োজকদের ওপর।
এদিকে কাতার এখনও তাদের অবস্থানে অনড়—সরকারি নির্দেশ না আসা পর্যন্ত তারা ফিনালিসিমা নিজেদের মাটিতেই আয়োজন করতে চায়।
সূত্র : দিয়ারিও এএস