সিরিয়ার কাছেও ৩ গোল, বাংলাদেশের টানা দ্বিতীয় হার

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দুঃসময় কাটছেই না। প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ২–০ গোলে হারের পর এবার সিরিয়ার কাছে ৩–০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের যুবারা। দুই ম্যাচে কোনো গোল করতে না পারা বাংলাদেশ হজম করেছে পাঁচটি।
বৃহস্পতিবার তাশখন্দের দোস্তলিক স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথম ৪৩ মিনিট সিরিয়াকে আটকে রেখেছিল বাংলাদেশ। তবে বিরতির ঠিক আগে দুই মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা।
৪৪তম মিনিটে বিলাল আল-মুসলি গোল করে সিরিয়াকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিওস আল-হেরেক। ফলে ২–০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সিরিয়ার রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশের যুবারা। উল্টো ৯০তম মিনিটে আরও একটি গোল হজম করে তারা। শেষ পর্যন্ত ৩–০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিরিয়া। ম্যাচের ফল ও গোলের সময়
দুই ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া বাংলাদেশ গোলশূন্য অবস্থায় ‘বি’ গ্রুপের তলানিতে রয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচে ভারতের কাছে ১–০ গোলে হারা সিরিয়া এই জয়ে তিন পয়েন্ট পেল।
আগামী ৬ সেপ্টেম্বর গ্রুপের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ দল এবং আট গ্রুপের সেরা সাত রানার্সআপ চূড়ান্ত পর্বে জায়গা পাবে। টানা দুই হারে বাংলাদেশের সামনে সেই পথ এখন ভীষণ কঠিন।



