থাইল্যান্ডকে হারিয়ে আসিয়ান কাপের প্রথম চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়া

অতিরিক্ত সময়ের চার মিনিট বাকি থাকতে সমতা ফেরালেন এলকান ব্যাগট। এরপর টাইব্রেকারে শেষ বাধা হয়ে দাঁড়ালেন গোলকিপার এমিল অদেরো। দশজনের থাইল্যান্ডের কাছে হারতে বসা ইন্দোনেশিয়া এভাবেই জিতল প্রথম ফিফা আসিয়ান কাপের শিরোপা।
সোমবার (৫ অক্টোবর) জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াই শেষ হয় ২-২ সমতায়। এরপর টাইব্রেকারে থাইল্যান্ডকে ৪-২ ব্যবধানে হারিয়ে আসিয়ান কাপের প্রথম শিরোপার মুকুট পড়ে স্বাগতিকেরা।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে এসে বদলে যায় ম্যাচের চেহারা। ৮১ মিনিটে ওলে রোমেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন থাইল্যান্ডের নিকোলাস মিকেলসন। দশজনের দলে পরিণত হয় থাইল্যান্ড।
তিন মিনিট পরই এগিয়ে যায় ইন্দোনেশিয়া। ডিন জেমসের ফ্রিকিক থাই খেলোয়াড় ইখলাস সানরনের গায়ে লেগে জালে জড়ায়। কিন্তু স্বাগতিকদের উচ্ছ্বাস স্থায়ী হয় মাত্র তিন মিনিট। ৮৭ মিনিটে সেকসান রাত্রির ক্রস থেকে ভলিতে সমতা ফেরান সেই ইখলাসই। নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে।
একজন কম নিয়েও অতিরিক্ত সময়ে উল্টো এগিয়ে যায় থাইল্যান্ড। ১১১ মিনিটে পাল্টা আক্রমণ থেকে পিরাদল চামরাসামির গোল স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয়।
ইন্দোনেশিয়াকে ম্যাচে ফেরান ব্যাগট। ১১৬ মিনিটে তাঁর শট ক্রসবারের নিচের অংশে লেগে গোললাইন পেরিয়ে যায়। শিরোপা নির্ধারণের লড়াই গড়ায় টাইব্রেকারে।
সেখানে নিজেদের প্রথম চারটি শটেই গোল করে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডের তৃতীয় শটে সারাচ ইয়ুয়েনের বল পোস্টে লাগে। এরপর নাত্তাপং সাইরিয়ার চতুর্থ শট ঠেকিয়ে স্বাগতিকদের শিরোপা নিশ্চিত করেন অদেরো।
গ্রুপ পর্বে বাংলাদেশকে ৯-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ইন্দোনেশিয়া। টুর্নামেন্টের তৃতীয় স্থান পেয়েছে মালয়েশিয়া। স্থান নির্ধারণী ম্যাচে ভিয়েতনামকে ১-০ গোলে হারিয়েছে তারা।
