মেসির মালিকানায় প্রথম ম্যাচেই এলদেনসের বড় জয়

লিওনেল মেসি মালিক হয়েছেন মাত্র এক দিন আগে। নতুন মালিকের আগমন উদ্যাপনের জন্য এর চেয়ে ভালো ফল সম্ভবত চাইতে পারত না এলদেনসে। পিছিয়ে পড়েও রিয়াল ওভিয়েদোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাবটি।
বৃহস্পতিবার এলদেনসের মালিকানা মেসির হাতে যাওয়ার ঘোষণা আসে। এরপর শুক্রবারই লা লিগা হাইপারমোশনের ম্যাচে মাঠে নামে তারা। নতুন অধ্যায়ের প্রথম ম্যাচটি অবশ্য শুরু হয়েছিল ধাক্কা দিয়ে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই আলবার্তো রেইনার গোলে এগিয়ে যায় ওভিয়েদো।
প্রথমার্ধে সেই এক গোলেই পিছিয়ে ছিল এলদেনসে। বিরতির পর পাল্টে যায় ম্যাচের চেহারা।
৫৬ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান রবার্তো লোপেজ। ১২ মিনিট পর আরেকটি পেনাল্টি থেকে ফিদেল গোল করলে এগিয়ে যায় মেসির মালিকানাধীন দল। এরপর শেষদিকে আরও দুবার ওভিয়েদোর জালে বল পাঠায় এলদেনসে।
৯০ মিনিটে আইমার ওলাবারিয়েতা ব্যবধান করেন ৩-১। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জাভি রাসত্রোহোর গোলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয়।
নতুন দলের ম্যাচেও নজর ছিল মেসির। ম্যাচ চলাকালে এলদেনসের খেলা দেখার একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন আর্জেন্টাইন তারকা। নতুন মালিকের অধীনে প্রথম ম্যাচেই তাই বড় জয়ের স্বাদ পেল ক্লাবটি।
৩৯ বছর বয়সী মেসি এলদেনসের আগের সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডারের অংশ কিনে ক্লাবটির নিয়ন্ত্রণ নিয়েছেন। তবে এই লেনদেন কার্যকর হওয়ার জন্য স্পেনের হায়ার স্পোর্টস কাউন্সিলের অনুমোদন এখনো প্রয়োজন। ১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে বর্তমানে স্পেনের দ্বিতীয় স্তরের লা লিগা হাইপারমোশনে খেলছে।
স্পেনে মেসির মালিকানাধীন এটিই অবশ্য প্রথম ক্লাব নয়। চলতি বছরের এপ্রিলে কাতালান ক্লাব ইউই কর্নেলিয়ার মালিকানাও নিয়েছিলেন সাবেক বার্সেলোনা তারকা। তবে এলদেনসের মাধ্যমে প্রথমবার স্পেনের পেশাদার লিগে কোনো ক্লাবের মালিক হলেন তিনি।
