logo

মেসির অনুপ্রেরণাতেই সেই ফ্রি-কিক, জানালেন আলভারেজ

মেসির অনুপ্রেরণাতেই সেই ফ্রি-কিক, জানালেন আলভারেজ

বার্সেলোনার বিপক্ষে ক্যাম্প ন্যুতে আলভারেজের নেওয়া সেই দুর্দান্ত ফ্রি-কিক গোলটি ছিল নিখুঁত হিসাবের ফল। তবে সেই শট নেওয়ার আগে আর্জেন্টাইন তারকার মাথায় ঘুরছিল আরেকটি মুহূর্ত বার্সা কিংবদন্তি লিওনেল মেসির একটি বিখ্যাত গোল।

অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ জানিয়েছেন, ২০১৯ সালে লিভারপুলের বিপক্ষে মেসির করা ফ্রি-কিকটি বারবার দেখেছেন তিনি। সেই স্মৃতিই তাকে অনুপ্রাণিত করেছে বার্সার বিপক্ষে একই রকম শট নিতে।

ম্যাচের যোগ করা সময়ে নেওয়া সেই ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে যায়, যা অ্যাটলেটিকোকে এগিয়ে দেয়। পরে আলেকজান্ডার সোরলথের গোলে ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি।

আলভারেজ বলেন, ‘মেসির ওই গোলটা আমি অনেকবার দেখেছি। শট নেওয়ার আগেই একটা আত্মবিশ্বাস ছিল। বল পায়ে লাগার পরই বুঝেছিলাম ঠিক জায়গায় যাচ্ছে।’

তিনি আরও জানান, ম্যাচের আগের অনুশীলনে একবারও ফ্রি-কিক সফল হয়নি তার। তবে ম্যাচের মুহূর্তটাই ছিল আসল।

চলতি মৌসুমে এই গোল নিয়ে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮। পারফরম্যান্সের ধারাবাহিকতায় ইউরোপের বড় ক্লাবগুলোর নজরও কাড়ছেন তিনি।

তবে ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে চান না আলভারেজ। তার লক্ষ্য এখন অ্যাটলেটিকোর হয়ে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়টা ভালোভাবে শেষ করা।

প্রথম লেগে এগিয়ে থাকলেও সতর্ক থাকছেন এই ফরোয়ার্ড। তার ভাষায়, ‘লড়াই এখনও শেষ হয়নি। আমরা এগিয়ে আছি, কিন্তু দ্বিতীয় লেগে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।’