টানা ব্যর্থতায় বরখাস্ত হলেন চেলসি কোচ রোজেনিওর

টানা হতাশাজনক পারফরম্যান্সের জেরে প্রধান কোচ লিয়াম রোজেনিওরকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি। বুধবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় ক্লাবটি।
ব্রাইটনের মাঠে ৩-০ ব্যবধানে পরাজয়ের পরই চেলসি এই সিদ্ধান্ত নেয়। দলটি টানা পাঁচটি লিগ ম্যাচে হেরেছে, এর মধ্যে একটিতেও গোল করতে পারেনি। এমন ধারাবাহিক ব্যর্থতা ১৯১২ সালের পর প্রথমবারের মতো দেখল লন্ডনের ক্লাবটি।
বর্তমানে প্রিমিয়ার লিগে সপ্তম স্থানে রয়েছে চেলসি। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে তারা, হাতে আছে আর মাত্র কয়েকটি ম্যাচ। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাও এখন ঝুঁকির মুখে।
ক্লাবের বিবৃতিতে বলা হয়, সিদ্ধান্তটি সহজ ছিল না। তবে সাম্প্রতিক ফলাফল ও পারফরম্যান্স প্রত্যাশার নিচে নেমে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে রোজেনিওরের ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছে চেলসি।
অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন অনূর্ধ্ব-২১ দলের কোচ ক্যালাম ম্যাকফারলেন। মৌসুমের বাকি সময় তিনিই প্রথম দলের দায়িত্বে থাকবেন।
জানুয়ারিতে দায়িত্ব নেওয়া রোজেনিওর দীর্ঘমেয়াদি চুক্তিতে চেলসিতে যোগ দিয়েছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই দলের পারফরম্যান্সে অবনতি দেখা যায়। শেষ নয় লিগ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি।
ক্লাব সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ফলাফল এবং সমর্থকদের অসন্তোষ বাড়তে থাকায় কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। খেলোয়াড়দের সঙ্গেও এ বিষয়ে আলোচনা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
চেলসির সামনে এখন গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ অপেক্ষা করছে, যার মধ্যে রয়েছে এফএ কাপ সেমিফাইনাল। মৌসুমের শেষ ভাগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই এই কোচ পরিবর্তন বলে মনে করা হচ্ছে।