এবার ক্লাব মালিকানায় যুক্ত হলেন রোনালদো

ফুটবল ক্যারিয়ারের শেষভাগে এসে মাঠের বাইরে নিজের সাম্রাজ্য আরও বিস্তৃত করলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্পেনের সেগুন্ডা ডিভিশনের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ শেয়ার কিনেছেন পর্তুগিজ মহাতারকা।
রোনালদো ক্লাবটিতে কত টাকা বিনিয়োগ করেছেন সেটির আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি। তবে এটি করা হয়েছে তার মূল প্রতিষ্ঠান সিআরসেভেন এসএর অধীন নতুন সহযোগী সংস্থা ‘সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্ট’ এর মাধ্যমে।
এদিকে বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগে তৃতীয় স্থানে আছে আলমেরিয়া। শীর্ষে থাকা রেসিং সান্তান্দার ও কাস্তেয়োনের থেকে তারা যথাক্রমে এক ও দুই পয়েন্ট পিছিয়ে। ফলে লা লিগায় ওঠার দৌড়ে ক্লাবটির সামনে বড় সুযোগ রয়েছে।
রোনালদো এক বিবৃতিতে বলেন, ‘মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখার ইচ্ছা সবসময় ছিল। আলমেরিয়া একটি সুসংগঠিত ক্লাব, যার ভবিষ্যৎ সম্ভাবনা স্পষ্ট। ক্লাবের পরবর্তী উন্নয়ন পর্যায়ে অবদান রাখতে পেরে আমি রোমাঞ্চিত।’
রোনালদোর বিবৃতি অনুযায়ী, এই বিনিয়োগ নতুন গঠিত ‘সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টেমেন্টের’-এর মাধ্যমে পরিচালিত হবে। সংস্থাটি পেশাদার ক্রীড়া ক্ষেত্রে কৌশলগত বিনিয়োগ মূল্যায়ন ও বাস্তবায়নের কাজ করবে।
অর্থাৎ, এটি কেবল আবেগের সিদ্ধান্ত নয়—বরং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক পরিকল্পনার অংশ।
আলমেরিয়ার সভাপতি মোহাম্মদ আল খেরেইজি বলেন, ‘রোনালদো আমাদের ক্লাবে বিনিয়োগ করতে চেয়েছেন—এতে আমরা আনন্দিত। তিনি ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়। স্প্যানিশ লিগ সম্পর্কে তার অভিজ্ঞতা আমাদের প্রকল্পকে আরও শক্তিশালী করবে।’
অবসরের গুঞ্জন, নাকি কৌশল?
সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছিল, ৪০–এর পর ক্যারিয়ারের শেষ অধ্যায় হয়তো আলমেরিয়াতেই কাটাতে পারেন রোনালদো। তবে এখন স্পষ্ট—যে আলোচনা চলছিল, সেটি মূলত এই শেয়ার কেনা নিয়েই।
বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। মাঠের সাফল্যের পাশাপাশি ব্যবসায়িক দিকেও নিজেকে প্রতিষ্ঠিত করছেন তিনি।
স্প্যানিশ ফুটবলে এটি তার প্রথম বড় বিনিয়োগ। ফলে ভবিষ্যতে আলমেরিয়ার ক্রীড়া ও অবকাঠামোগত উন্নয়নে রোনালদোর ভূমিকা কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।