Advertisement

অভিষেকেই ইতিহাস গড়ল ফর্টিস এফসি

এশিয়া পোস্ট স্পোর্টস
অভিষেকেই ইতিহাস গড়ল ফর্টিস এফসি
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

মহাদেশীয় ক্লাব ফুটবলে অভিষেকটা স্মরণীয় করে রাখল দেশের ক্লাব ফর্টিস এফসি। কিরগিস্তানের মুরাস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ক্লাবটি।

Advertisement

মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের ঐতিহাসিক জয়ের নায়ক মোহাম্মদ ইব্রাহিম। তার করা একমাত্র গোলের ব্যবধান শেষ বাঁশি পর্যন্ত ধরে রেখে প্রথমবার এএফসির কোনো প্রতিযোগিতায় খেলতে নেমেই গ্রুপপর্বের টিকিট নিশ্চিত করে ফর্টিস।

এএফসি অভিযান সামনে রেখে ঢাকা আবাহনী থেকে ইব্রাহিমকে দলে নিয়েছিল ফর্টিস। গুরুত্বপূর্ণ ম্যাচে তার গোলেই সফল হয়েছে ক্লাবটির সেই সিদ্ধান্ত।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বের লড়াইটি ছিল এক ম্যাচের। তাই হারলেই বিদায়, আর জিতলে সরাসরি গ্রুপপর্বে ওঠার সুযোগ ছিল। এমন চাপের ম্যাচে তুলনামূলক অভিজ্ঞ প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের ইতিহাসের অন্যতম বড় সাফল্য পেল বাংলাদেশ ফুটবল লিগের সর্বশেষ মৌসুমে তৃতীয় হওয়া ফর্টিস।

এএফসির এই প্রতিযোগিতায় ফর্টিসের খেলার কথা ছিল না। গত মৌসুমে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস এবং রানার্সআপ ঢাকা আবাহনী। তবে ফিফার নিবন্ধন নিষেধাজ্ঞার কারণে দল দুটি এএফসি ক্লাব লাইসেন্স না পাওয়ায় সুযোগ আসে তৃতীয় হওয়া ফর্টিস ও চতুর্থ হওয়া বাংলাদেশ পুলিশ এফসির সামনে।

হঠাৎ পাওয়া সেই সুযোগ কাজে লাগাতে নতুন করে দল সাজায় ফর্টিস। বাংলাদেশের ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পর দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে থাকলেও প্রস্তুতির ঘাটতি মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেয়নি মাসুদ পারভেজ কায়সারের দল।

অন্যদিকে মুরাস নিয়মিত কিরগিজস্তানের ঘরোয়া লিগে খেলার মধ্যে ছিল। এএফসি প্রতিযোগিতার অভিজ্ঞতাও ছিল দলটির। গত মৌসুমের প্রাথমিক পর্বে ঢাকায় আবাহনীকে ২-০ গোলে হারিয়ে মূলপর্বে উঠেছিল তারা। পরে জায়গা করে নিয়েছিল সেমিফাইনালেও। এবার বাংলাদেশের আরেক ক্লাবের কাছে হেরে ঢাকা ছাড়তে হচ্ছে মুরাসকে।

২০২৬-২৭ মৌসুমের প্রাথমিক পর্বে ১৮টি ক্লাব নয়টি এক ম্যাচের লড়াইয়ে অংশ নিচ্ছে। প্রতিটি ম্যাচের জয়ী দল জায়গা পাচ্ছে এশিয়ার তৃতীয় স্তরের এই ক্লাব প্রতিযোগিতার গ্রুপপর্বে।

একই দিনে এএফসি চ্যালেঞ্জ লিগে অভিষেক হচ্ছে বাংলাদেশের আরেক প্রতিনিধি পুলিশ এফসির। বাংলাদেশ সময় রাত ১১টায় জর্ডানের আম্মানে সিরিয়ার আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পোর মুখোমুখি হবে তারা।

অভিষেকেই ইতিহাস গড়ল ফর্টিস এফসি