ক্যান্সারে আক্রান্ত ফুটবলারের চুক্তি বাড়াল কোমো

স্তন ক্যান্সার ধরা পড়েছে ফুটবলার রোবের্তা পিক্কির। চিকিৎসার এই কঠিন সময়ে ইতালিয়ান এই নারী ফরোয়ার্ডের পাশে দাঁড়িয়েছে তার ক্লাব কোমো। ৩৪ বছর বয়সী ফুটবলারের সঙ্গে ২০২৭-২৮ মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ইতালির নারী সিরি আ’র ক্লাবটি।
সোমবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কোমো জানিয়েছে, পিক্কির চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে ক্লাবের চিকিৎসক দল। সামনের মাসগুলোতে এই ফুটবলার ও তার পরিবারকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, ‘কোমো ১৯০৭-এর সবাই রোবের্তার পাশে আছে। আগামী মাসগুলোতে তাকে ও তার পরিবারকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।’
চিকিৎসা ও সুস্থ হয়ে ওঠায় পিক্কি যেন পুরো মনোযোগ দিতে পারেন, সে জন্য তার ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান জানানোর অনুরোধও করেছে ক্লাব।
এমন সময়ে পাশে থাকায় কোমোকে ধন্যবাদ জানিয়েছেন পিক্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে কঠিন এই অধ্যায়কে নিজের আরেকটি ম্যাচ হিসেবে দেখার কথা জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ফেরার প্রত্যয়।
পিক্কি লিখেছেন, ‘কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়া যায় না। আমি ভাগ্যবান। এখন আমার নিজের ম্যাচটা খেলার সময়। তবে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ফিরব।’


