কোনো দামেই ব্রুনোকে ছাড়বে না ম্যানচেস্টার ইউনাইটেড

পর্তুগিজ সুপারস্টার ও দলের অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজকে বিক্রি করার কোনো পরিকল্পনা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। এমনকি বড় অঙ্কের প্রস্তাব এলেও পর্তুগিজ এই মিডফিল্ডারকে ছাড়তে রাজি নয় ইংলিশ ক্লাবটি।
স্কাই স্পোর্টস জানিয়েছে, ৩১ বছর বয়সী ব্রুনোকে দলে নিতে প্রস্তুতি নিচ্ছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। তবে ইউনাইটেডের অবস্থান পরিষ্কার, এই গ্রীষ্মে ব্রুনো বিক্রির জন্য নন।
ম্যানইউর সঙ্গে ব্রুনোর বর্তমান চুক্তির শেষ বছরে প্রবেশ করেছেন তিনি। যদিও চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রয়েছে ক্লাবটির হাতে। বিদেশি ক্লাবগুলোর জন্য তার চুক্তিতে থাকা ৫ কোটি ৭০ লাখ পাউন্ডের রিলিজ ক্লজও ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে।
গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন ব্রুনো। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ ২১টি অ্যাসিস্টের নতুন রেকর্ড গড়ার পাশাপাশি নির্বাচিত হন মৌসুমের সেরা খেলোয়াড়ও। ইউনাইটেডও তাই তাকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে।
পরিস্থিতিটা অবশ্য এক বছর আগেও এমন ছিল না। গত গ্রীষ্মে সৌদি আরবের আল হিলাল থেকে প্রায় ১০ কোটি পাউন্ডের প্রস্তাব এলে ব্রুনোকে সেটি বিবেচনা করার অনুমতি দিয়েছিল ইউনাইটেড। পরে সেই ঘটনায় কষ্ট পাওয়ার কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন পর্তুগিজ তারকা।
তবে এরপর থেকে ক্লাবের অবস্থান বদলেছে। ইউনাইটেডের বর্তমান প্রকল্পে ব্রুনোর গুরুত্ব আরও বেড়েছে এবং তাকে কেন্দ্র করেই দল সাজানোর পরিকল্পনা করছেন কোচ মাইকেল ক্যারিক।
স্কাই স্পোর্টসের বিশ্লেষণেও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো একসময় ব্রুনোর বিকল্প নিয়ে ভাবতে হবে ইউনাইটেডকে। তবে সেই সময় এখন নয়। ইউরোপীয় প্রতিযোগিতা ও প্রিমিয়ার লিগে লক্ষ্য পূরণে এই মৌসুমে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে ক্লাবটি।
ব্রুনোর চুক্তির মেয়াদ নিয়েও দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে ইউনাইটেডকে। কারণ চুক্তির অতিরিক্ত এক বছরের ধারা কার্যকর না করলে আগামী জানুয়ারি থেকেই বিদেশি ক্লাবগুলোর সঙ্গে ভবিষ্যৎ চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি হতে পারে তার।
সব মিলিয়ে গালাতাসারাইয়ের আগ্রহ থাকলেও ওল্ড ট্র্যাফোর্ডে ব্রুনোর ভবিষ্যৎ আপাতত নিরাপদ। বড় কোনো প্রস্তাবেও এবার অধিনায়ককে ছাড়তে প্রস্তুত নয় ম্যানচেস্টার ইউনাইটেড।



