Advertisement

৬০ কোটি টাকায় বিক্রি পেলের বিশ্বকাপ ফাইনালের জার্সি

এশিয়া পোস্ট স্পোর্টস
৬০ কোটি টাকায় বিক্রি পেলের বিশ্বকাপ ফাইনালের জার্সি
১৯৫৮ সালের পেলের সেই জার্সি। ছবি: রয়টার্স

বয়স তখন মাত্র ১৭ বছর। বিশ্বকাপ ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে এনে দিয়েছিলেন প্রথম শিরোপা। ১৯৫৮ সালের সেই ঐতিহাসিক ম্যাচে ব্রাজিল কিংবদন্তি পেলের পরা নীল ১০ নম্বর জার্সিটি এবার নিলামে বিক্রি হয়েছে ৪৯ লাখ ডলারে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬০ কোটি ৪০ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সথবিসের আয়োজিত নিলামে জার্সিটির জন্য পাঁচজনের বেশি ক্রেতা মোট ১০টি দরপ্রস্তাব দেন। শেষ পর্যন্ত ৪৯ লাখ ডলারে বিক্রি হওয়া জার্সিটি এখন পেলের সঙ্গে সম্পর্কিত সবচেয়ে দামি স্মারক।

তবে ফুটবল জার্সির নিলামের ইতিহাসেও এটি দ্বিতীয় সর্বোচ্চ দাম। রেকর্ডটি এখনো দিয়েগো ম্যারাডোনার দখলে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ম্যারাডোনার পরা জার্সি ২০২২ সালে বিক্রি হয়েছিল ৯৩ লাখ ডলারে।

পেলের জার্সিটির দাম যতটা বিস্ময়কর, এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস আরও বড়। ১৯৫৮ সালের ২৯ জুন স্টকহোমে স্বাগতিক সুইডেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ফাইনালে পেলের দুই গোলে সুইডেনকে ৫-২ ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।

মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপ ফাইনালে গোল করা পেলে এখনো এই কীর্তির সর্বকনিষ্ঠ ফুটবলার। সেই আসরে চার ম্যাচে ছয় গোল করেছিলেন তিনি। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে সেদিনই যেন শুরু হয়েছিল পেলে নামের এক কিংবদন্তির রাজত্ব।

ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির বদলে ফাইনালে নীল জার্সি পরার পেছনেও ছিল আলাদা গল্প। প্রতিপক্ষ সুইডেনের জার্সিও হলুদ হওয়ায় ব্রাজিলকে রং বদলাতে হয়েছিল। পেলে পরে নিজের আত্মজীবনীতে লিখেছিলেন, নীল জার্সিকে দলের কয়েকজন অশুভ মনে করেছিলেন। তবে ব্রাজিলের পৃষ্ঠপোষক সন্তের রং নীল হওয়ায় সেই শঙ্কা কাটিয়ে উঠেছিল দল। শেষ পর্যন্ত ওই নীল জার্সিতেই লেখা হয় দেশটির প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস।

ফাইনালের পর জার্সিটি নিজের এক সতীর্থকে উপহার দিয়েছিলেন পেলে। পরে সেটি ব্রাজিলের একটি ক্রীড়া জাদুঘরে দেওয়া হয়। ২০০৪ সালে প্রথমবার নিলামে ওঠার পর জার্সিটি ৭০ হাজার ৫০৫ পাউন্ড বা তৎকালীন প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ ডলারে বিক্রি হয়েছিল। এরপর দুই দশকের বেশি সময় সেটি ছিল এক ব্যক্তিগত সংগ্রাহকের কাছে।

১৯৬২ ও ১৯৭০ সালেও ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতেন পেলে। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপজয়ী দলের সদস্য তিনি। ২০২২ সালে ৮২ বছর বয়সে মারা যান ব্রাজিলিয়ান কিংবদন্তি।