logo

নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী

নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হলো গ্লো অ্যান্ড লাভলী
গ্লো অ্যান্ড লাভলীর সঙ্গে ‍চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অফিশিয়াল ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হয়েছে গ্লো অ্যান্ড লাভলী। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে আগামী দুই বছরের জন্য এই চুক্তিতে যুক্ত হয়েছে ইউনিলিভার বাংলাদেশের স্কিনকেয়ার ব্র্যান্ডটি।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের প্রতিনিধিরা, ইউনিলিভার বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি, গোলরক্ষক ইয়ারজান বেগম ও মিডফিল্ডার উমেলা মারমা।

চুক্তির আওতায় আগামী দুই বছর জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং ও গ্রোথ ডেভেলপমেন্ট কার্যক্রমে সহায়তা করবে গ্লো অ্যান্ড লাভলী। এই পার্টনারশিপের অংশ হিসেবে দলের অফিশিয়াল প্র্যাকটিস ও ট্রেনিং-সংক্রান্ত অ্যাসেট, ট্রেনিং কিট এবং বাফুফে-নিয়ন্ত্রিত নির্বাচিত কমিউনিকেশন প্ল্যাটফর্মে গ্লো অ্যান্ড লাভলীর লোগো প্রদর্শন হবে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নারী ফুটবল দল উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। ২০২২ ও ২০২৪ সালে টানা দুইবার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পাশাপাশি এএফসি উইমেন্স এশিয়ান কাপ ২০২৬-এর বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নিয়েছে দলটি।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের বিউটি অ্যান্ড ওয়েলবিং হেড জাহিন ইসলাম বলেন, ‘গ্লো অ্যান্ড লাভলী অনেক বছর ধরেই নারীর মেধাবিকাশ ও উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আগামী দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের ট্রেনিং অ্যান্ড গ্রোথ পার্টনার হিসেবে আমরা সহায়তা দেব। আমরা আশা করি, এই ফুটবলাররাই নারীদের সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। তাদের সাফল্য নতুন প্রজন্মের ফুটবলারদেরও আরও উৎসাহিত করবে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আওয়াল এই পার্টনারশিপকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘গ্লো অ্যান্ড লাভলীর সঙ্গে এই পার্টনারশিপ ব্র্যান্ড সম্পৃক্ততা এবং নারীদের প্রতিভার স্বীকৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ব্র্যান্ডের সিনার্জি খেলোয়াড়দের ওপরও প্রতিফলিত হবে। একই সঙ্গে এর মাধ্যমে নারী ফুটবল বাংলাদেশের বড় অ্যাম্বাসেডর হয়ে উঠবে। বর্তমানে বিশ্ব দরবারে দেশের নারীদের উপস্থাপনে ফুটবল ভালো ভূমিকা রাখছে।’

বাফুফের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম বলেন, ‘গ্লো অ্যান্ড লাভলী প্রায় তিন দশকেরও বেশি পুরোনো একটি ব্র্যান্ড। এমন একটি ব্র্যান্ডের পার্টনার হওয়াটাও আমাদের জন্য একধরনের ব্র্যান্ডিং। ট্রেনিং অ্যান্ড গ্রোথ ডেভেলপমেন্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তাদের সহায়তা পাওয়া আমাদের জন্য অনুপ্রেরণার। আমি বিশ্বাস করি, এই পার্টনারশিপ শুধু বর্তমান খেলোয়াড়দের নয়, ভবিষ্যতের ফুটবলারদেরও উৎসাহ দেবে।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের হয়ে সাফজয়ী গোলরক্ষক ইয়ারজান বেগম বলেন, ‘ট্রেনিংয়ের কারণে আমাদের অনেকটা সময় রোদে থাকতে হয়। তাই এমন একটি ব্র্যান্ডকে পাশে পেয়ে ভালো লাগছে। আশা করি, তাদের সঙ্গে নিয়েই আমরা এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি দেশে আনতে পারব।’

মিডফিল্ডার উমেলা মারমাও এই পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘গ্লো অ্যান্ড লাভলীকে পাশে পেয়ে ভালো লাগছে। আমরা চাই, ভবিষ্যতেও তারা এভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাক।’

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি বলেন, ‘টিমের জন্য এত বড় পার্টনারশিপ এই প্রথম। তাই গ্লো অ্যান্ড লাভলীকে ধন্যবাদ জানাই। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের হ্যাটট্রিক শিরোপার সুযোগ রয়েছে। সেখানে আমরা এই পার্টনারশিপকে কাজে লাগানোর চেষ্টা করব।’

গ্লো অ্যান্ড লাভলী জানিয়েছে, ভবিষ্যতেও নারী ফুটবলের উন্নয়ন ও খেলোয়াড়দের গ্রোথ জার্নি এগিয়ে নিতে সম্ভাব্য উদ্যোগে যুক্ত থাকতে তারা আগ্রহী।