logo

নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের সহজ জয়

নর্থ লন্ডন ডার্বিতে আর্সেনালের সহজ জয়

নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে তাদেরই মাঠে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখল আর্সেনাল। ভিক্টর গিয়োকেরেস ও এবারেচি এজের জোড়া গোলে টানা চতুর্থবারের মতো স্পার্সদের মাঠে জয় পেল মিকেল আর্তেতার দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল গানাররা। প্রথমদিকে গিয়োকেরেসের হেড ও দূরপাল্লার শট বিপদের আভাস দিলেও গোল আসতে সময় নেয়। ৩০ মিনিটের মাথায় বুকায়ো সাকার ডান প্রান্তের ক্রস থেকে গোল করে আর্সেনালকে এগিয়ে দেন এজে। সাম্প্রতিক সময়ে সমালোচনার মুখে থাকা ইংলিশ মিডফিল্ডার আবারও প্রমাণ করলেন বড় ম্যাচে তিনি ভরসাযোগ্য।

তবে লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ডেকলান রাইসের ভুলে সুযোগ পেয়ে কলো মুয়ানির গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। প্রথমার্ধে এটিই ছিল স্বাগতিকদের একমাত্র কার্যকর শট।

বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গিয়োকেরেস। ৫২ মিনিটে টিম্বারের নিখুঁত পাস পেয়ে বক্সের প্রান্ত থেকে জোরালো শটে ভিকারিওকে পরাস্ত করেন সুইডিশ ফরোয়ার্ড। কয়েক মিনিট পরই কলো মুয়ানি আবার জালে বল জড়ালেও গ্যাব্রিয়েলের ওপর ফাউলের কারণে গোল বাতিল হয়।

৬০ মিনিটে ব্যবধান আরও বাড়ান এজে। সাকার শট রিবাউন্ড হয়ে আসতেই সুযোগ লুফে নিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের শেষদিকে রিচার্লিসনের ব্যাকহিল থেকে টটেনহ্যাম গোলের কাছাকাছি পৌঁছালেও দাভিদ রায়ার দুর্দান্ত সেভে বাঁচে আর্সেনাল।

অতিরিক্ত সময়ে আবারও জ্বলে ওঠেন গিয়োকেরেস। পাল্টা আক্রমণ থেকে গোল করে জয় নিশ্চিত করেন তিনি। নতুন বছরের শুরু থেকে এটি তার অষ্টম গোল, সব মিলিয়ে মৌসুমে ১৫তম।

এই জয়ে শীর্ষে থাকা আর্সেনাল এক ম্যাচ বেশি খেলে ম্যানচেস্টার সিটির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে থাকল। অন্যদিকে টটেনহ্যাম অবনমন অঞ্চলের আরও কাছাকাছি নেমে গেল।