logo

‘শত্রু’ দেশে খেলবে না ইরান

‘শত্রু’ দেশে খেলবে না ইরান

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেই বড় সিদ্ধান্ত নিল ইরান। ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে বিবেচিত দেশগুলোতে নিজেদের ক্রীড়া দল না পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টে ইরানি দলগুলোর অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়—এমন দেশগুলোতে জাতীয় বা ক্লাব কোনো দলই আপাতত ভ্রমণ করতে পারবে না। এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এই সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়েছে ট্রাক্টর সাঝি এফসির ওপর। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচে সৌদি আরবে দুবাইয়ের শাবাব আল আহলির বিপক্ষে তাদের খেলার কথা ছিল। তবে নতুন নির্দেশনার কারণে ম্যাচটির ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানাতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন আঘাত ও বিস্ফোরণের প্রভাব বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় নিরাপত্তা ইস্যুই এখন সবচেয়ে বড় উদ্বেগ।

এদিকে, আসন্ন বিশ্বকাপ ঘিরেও ইরানের অবস্থান নিয়ে আলোচনা চলছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী হলেও, যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে তেহরান। বিকল্প হিসেবে নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোয় সরানোর প্রস্তাবও দিয়েছে তারা।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট করে দিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপ আয়োজন করতে চায় ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ফলে ইরানের চাওয়া বাস্তবায়ন হবে কি না, তা এখনো অনিশ্চিত।

সরকারি ও ফুটবল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বকাপ বয়কট করার পরিকল্পনা নেই তাদের। তবে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রে দল পাঠানো নিরাপদ কি না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

সূত্র: আলজাজিরা