logo

এশিয়া কাপ মিশনে ঋতুপর্ণারা, শুভেচ্ছা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এশিয়া কাপ মিশনে ঋতুপর্ণারা, শুভেচ্ছা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ইতিহাসের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে অংশ নিতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে ঋতুপর্ণা-সাবিনারা। আগামী ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই আসর।

দক্ষিণ এশিয়ার সাফল্যের পর এবার মহাদেশীয় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। দলটির এই যাত্রাকে সামনে রেখে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সরকারের পক্ষ থেকে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আমাদের মেয়েরা বারবার দেখিয়েছে—অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই। দক্ষিণ এশিয়ার সীমা পেরিয়ে এখন তারা এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলতে যাচ্ছে। এটি শুধু নারী ফুটবলের সাফল্য নয়, ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার অভিযাত্রায় নারীশক্তির এক অনন্য উদাহরণ।’

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ গ্রুপে রয়েছে শক্তিশালী চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। বিশেষ করে চীন ও উত্তর কোরিয়া এশিয়ার ফুটবলে প্রতিষ্ঠিত শক্তি। তবুও সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক আমিনুল আশাবাদী দলের লড়াকু মনোভাব নিয়ে। তার ভাষায়, ‘জয়-পরাজয় বড় বিষয় নয়; গুরুত্বপূর্ণ হলো আপনাদের সাহসী মানসিকতা। লাল-সবুজের পতাকার মর্যাদা ধরে রেখে বিশ্বের সামনে বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন—এটাই প্রত্যাশা।’

এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশের এই অভিষেক দেশের নারী ফুটবলের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। এখন চোখ অস্ট্রেলিয়ার মাঠে—যেখানে প্রথমবারের মতো মহাদেশীয় লড়াইয়ে নামবে ঋতুপর্ণাদের দল।