logo

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন প্রতিবছর উদ্‌যাপন করবে আর্জেন্টিনা

বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর দিন প্রতিবছর উদ্‌যাপন করবে আর্জেন্টিনা
ম্যাচে সমতাসূচক গোল করেন এনজো। ছবি: গেটি ইমেজ

ইংল্যান্ডের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে নাটকীয় জয়কে স্মরণীয় করে রাখছে আর্জেন্টিনা। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার দিন ১৫ জুলাইকে জাতীয় ফুটবল দল দিবস হিসেবে ঘোষণা করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বুধবার এএফএর নির্বাহী কমিটির সভায় প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে। এখন থেকে প্রতিবছর ১৫ জুলাই আর্জেন্টিনার সব জাতীয় ফুটবল দলের সাফল্য উদ্‌যাপন করা হবে।

দিবসটি শুধু লিওনেল স্কালোনির অধীন ছেলেদের মূল দলকে ঘিরে পালিত হবে না। বয়সভিত্তিক দল, নারী দল, ফুটসাল ও সৈকত ফুটবল দলও এর আওতায় থাকবে।

আটলান্টায় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনালে অ্যান্থনি গর্ডনের গোলে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর যোগ করা সময়ে জয়সূচক গোল করেন লাউতারো মার্তিনেজ। ২-১ গোলের সেই জয়ে ইংল্যান্ডের ৬০ বছর পর বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যায়।

এএফএ জানিয়েছে, দেশজুড়ে উদ্‌যাপনের উপলক্ষ তৈরি করা সেই ঐতিহাসিক জয়কে স্মরণীয় করে রাখতেই ১৫ জুলাইকে বেছে নেওয়া হয়েছে। তবে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা।

২১ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচ শেষে মালভিনাস আর্জেন্টিনার লেখা ব্যানার নিয়ে উদ্‌যাপন করেন আর্জেন্টাইন খেলোয়াড়েরা। ঘটনাটি নিয়ে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ফিফা।

ম্যাচ শেষের সংঘর্ষের ঘটনায়ও এএফএ ছাড়াও লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা ও কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার বিরুদ্ধে তদন্ত চলছে। এসব বিতর্কের মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে জয়কে নিজেদের ফুটবল ইতিহাসের বিশেষ দিন হিসেবে প্রতিষ্ঠা করল আর্জেন্টিনা।