logo

দর্শকদের নিরাপত্তা প্রশ্নে ট্রাম্পের দ্বারস্থ হতে পারে ফিফা

দর্শকদের নিরাপত্তা প্রশ্নে ট্রাম্পের দ্বারস্থ হতে পারে ফিফা

২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন এক বিতর্কের মুখে পড়েছে ফিফা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য এই আসরের সময় অভিবাসন সংক্রান্ত অভিযান বন্ধ রাখার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানাতে ফিফার ওপর চাপ তৈরি হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার ভেতরের কিছু শীর্ষ কর্মকর্তা সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছেন।

প্রস্তাব অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রজুড়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থার (আইসিই) অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানানো হতে পারে।

আর দুই মাসেরও কম সময় পর শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ, যা যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি এবং ব্যাপক বহিষ্কার কার্যক্রম নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সমর্থকরা নিরাপত্তা ও আইনি জটিলতা নিয়ে শঙ্কায় থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

হোয়াইট হাউস অবশ্য এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে তারা বিশ্বকাপ আয়োজনকে দেশের জন্য বড় অর্থনৈতিক সুযোগ হিসেবে তুলে ধরেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই টুর্নামেন্ট যুক্তরাষ্ট্রে বিপুল অর্থনৈতিক কার্যক্রম সৃষ্টি করবে এবং কর্মসংস্থান বাড়াবে। একই সঙ্গে এটিকে ইতিহাসের সবচেয়ে নিরাপদ বিশ্বকাপ আয়োজনের প্রতিশ্রুতিও দিয়েছে প্রশাসন।

তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিশ্বকাপের সময় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে আইসিইসহ বিভিন্ন সংস্থা মাঠে সক্রিয় থাকবে।

এতে করে সমালোচকদের আশঙ্কা, বিশ্বকাপের মতো বৈশ্বিক উৎসবের পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও অভিবাসন সংস্থার উপস্থিতি নিয়ে অভিযোগ উঠেছিল, যদিও সরকার সেগুলো অস্বীকার করেছে।

ফিফার ভেতরে আলোচনায় থাকা প্রস্তাবটি বাস্তবায়িত হলে তা একদিকে যেমন সমর্থকদের উদ্বেগ কমাতে পারে, অন্যদিকে রাজনৈতিকভাবেও তা গুরুত্বপূর্ণ বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা