নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

ব্রাজিলে ছোট্ট একটা মুহূর্ত, কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য তা বেশ বড়ই হয়ে উঠেছে। দেশটির সুপারস্টার নেইমার জুনিয়রের হাতে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের জার্সি।
এই দৃশ্যের পেছনে ছিলেন বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন। ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে কাজ করা এই ফটোগ্রাফারই সুযোগ পেয়ে নেইমারের হাতে তুলে দেন জার্সিটি। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, নেইমার হাসিমুখে সেটি গ্রহণ করছেন যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।
রুমেন দীর্ঘদিন ধরেই ব্রাজিলে থেকে ফুটবল কাভার করছেন। স্থানীয় লিগ থেকে বড় ম্যাচ সব জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা তাকে এনে দিয়েছে এই বিরল সুযোগ। আর সেই সুযোগেই বাংলাদেশের জার্সি পৌঁছে গেছে বিশ্ব ফুটবলের এক বড় তারকার হাতে।
নেইমারের বর্তমান সময়টা অবশ্য সহজ যাচ্ছে না। চোট কাটিয়ে ধীরে ধীরে ফিরছেন, সঙ্গে ক্লাব ভবিষ্যৎ নিয়েও চলছে নানা আলোচনা। জাতীয় দলেও তার জায়গা নিয়ে প্রশ্ন আছে।