logo

সৌদি লিগে রোনালদোর ক্লাবকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

সৌদি লিগে রোনালদোর ক্লাবকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ

সৌদি প্রো লিগের শিরোপা লড়াইয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে আল আহলি-আল ফাইহা ম্যাচ। গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি হ্যান্ডবলের আবেদন নাকচ হওয়ায় রেফারিং নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে আল নাসরের সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকা আল-আহলি।

ম্যাচটি ড্র হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন দলের কয়েকজন ফুটবলার। ব্রাজিলিয়ান উইঙ্গার গ্যালেনো লিখেছেন, ‘তারা চায় কাপটা তাকে (রোনালদো) দিয়ে দিতে। আমাদের এই লড়াই থেকে সরিয়ে দিতে চায়। এটা আমাদের ক্লাবের প্রতি অসম্মান।’

স্ট্রাইকার আইভান টোনিও একই ইঙ্গিত দেন। পরে মুছে ফেলা এক পোস্টে তিনি বলেন, ‘আমরা কার কাছ থেকে প্রথম স্থান নিতে চাই, সেটা সবাই জানে। সিদ্ধান্তগুলো কার পক্ষে যাচ্ছে, সেটাও পরিষ্কার।’

ম্যাচের একটি ঘটনায় আল ফাইয়ার এক ফুটবলারের হাতে বল লাগার অভিযোগ উঠলেও পেনাল্টি দেওয়া হয়নি। আল-আহলির খেলোয়াড়রা দাবি করেন, সেই সিদ্ধান্তই ম্যাচের ফলের ওপর প্রভাব ফেলেছে।

ক্লাবও আনুষ্ঠানিক বিবৃতিতে অসন্তোষ জানিয়েছে। তাদের মতে, রেফারির কিছু সিদ্ধান্ত সরাসরি ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিয়েছে এবং শিরোপা দৌড়ে অবস্থানেও প্রভাব ফেলেছে।

বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে আল নাসর। তাদের পেছনে আছে আল হিলাল, আর আল আহলি নেমে গেছে এক ধাপ নিচে। হাতে ছয়টি ম্যাচ বাকি থাকায় লিগের শেষ ভাগে প্রতিটি সিদ্ধান্তই এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে।