রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শক্তিশালী সূচনা করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে লাল-সবুজের যুবারা, আর ম্যাচের নায়ক অভিষেকেই আলো কাড়া রোনান সুলিভান।
মঙ্গলবার (২৪ মার্চ) মালদ্বীপের মালে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। একের পর এক সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি দল।
বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোনান। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে এগিয়ে দেন দলকে। মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলা এই তরুণ ফরোয়ার্ডের শট ছিল চোখধাঁধানো।
এরপরও আক্রমণ চালিয়ে যায় বাংলাদেশ। ৫৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি মো. মুর্শেদ আলী। ৬১তম মিনিটে পাকিস্তান বল জালে পাঠালেও গোলরক্ষকের ওপর ফাউলের কারণে সেটি বাতিল হয়।
অবশেষে ৬৭তম মিনিটে আবারও জ্বলে ওঠেন রোনান। সতীর্থের ক্রস থেকে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি, যা নিশ্চিত করে বাংলাদেশের জয়।
শেষদিকে আরও কিছু সুযোগ তৈরি হলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। তবে ২-০ গোলের এই জয়েই সন্তুষ্ট থাকতে হয় কোচ মার্ক এডওয়ার্ড কক্সের শিষ্যদের।
ম্যাচ শেষে দর্শকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন রোনান। স্কোয়াডে থাকলেও এদিন মাঠে নামা হয়নি তার ভাই ডেক্লান সুলিভানের।
এই জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল বাংলাদেশ। পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে তারা।